
মাস্টারি বিডি । বাঁধন খান
জাতীয় । ঢাকা । ২৩ এপ্রিল ২০১৯ । ১০ বৈশাখ ১৪২৬
পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ১১তম স্প্যান বসানো হয়েছে। সেতুর ৩৩ ও ৩৪ নম্বর খুঁটির ওপর ‘৬সি’ নম্বর স্প্যানটি আজ মঙ্গলবার সকাল ৯ টা ২০ মিনিটে বসানো হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর ১ হাজার ৬৫০ মিটার দৃশ্যমান হলো। সংবাদ বাসস-এর।
সেতু বিভাগের উপ-সহকারি প্রকৌশলী হুমায়ুন কবির সংবাদমাধ্যম’কে এ তথ্য জানিয়েছেন।

আজ সকাল ৭ টা থেকে স্প্যানটি বসানোর কাজ শুরু হয়। দেশী-বিদেশী প্রকৌশলীরা খুব সহজেই দ্রুততম সময়ের মধ্যে এটি বসিয়ে দেন।
এর আগে সোমবার সকালে মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ভাসমান ক্রেনবাহী জাহাজটি ৩৩ ও ৩৪নং খুঁটির সামনে অবস্থান নেয়। তিন হাজার ৬শ’ টন ধারণ ক্ষমতার ‘তিয়ান ই’ নামের ভাসমান ক্রেনবাহী জাহাজটি যথা স্থানে নোঙ্গর করানো হয়। এরপর ক্রেনটি ধুসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের ও ৩ হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসিয়ে দেয়।

চলতি মাসে এই নিয়ে দু’টি স্প্যান বসলো। এই প্রথম খুব অল্প সময় অর্থাৎ ১৩ দিনের ব্যবধানে দু’টি স্প্যান উঠলো। এর আগে ১০ নম্বর স্প্যানটি মাওয়া প্রান্তে গত ১০ এপ্রিল বসানো হয়।
প্রসঙ্গত, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কো¤পানি এবং নদী শাসনের কাজ করছে সিনো হাইড্রো করপোরেশন। ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এ বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে এ সেতুর কাঠামো। তবে দু’ প্রান্তের সংযোগ সেতুসহ সেতুটি প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ। সংযোগ সেতুর কাজও দ্রুত এগিয়ে চলেছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম