
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০৫ আগস্ট ২০১৮ । ২১ শ্রাবণ ১৪২৫
বর্তমান সময়ের লিরিকধর্মী সঙ্গীত সৃষ্টির অন্যতম প্রতিষ্ঠান Head Master Voice (HM Voice) এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হলো ৪ আগস্ট সুরগাঁও-এ। দেশের স্বনামধন্য শিল্পী, কবি, সাহিত্যিক, অভিনয় শিল্পী, সঙ্গীত পরিচালক, নাট্যকার, সুরকার, সাংস্কৃতিক সেবীদের প্রাণবন্ত উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

একদিকে শোকের মাসের ভাব-গাম্ভীর্য অন্যদিকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত HM Voice এর বর্ষপূর্তি অনুষ্ঠানটির সূচনা হয় জাতীয় সঙ্গীতের মাধ্যমে।

অনুষ্ঠানের শুরুতেই ছিল বঙ্গবন্ধুর গান ও কবিতাপাঠ। বঙ্গবন্ধুকে নিয়ে রচিত শেখ নজরুলের গান- ‘যদি বঙ্গবন্ধুর জন্ম না হতো’ ও কবিতা- ‘তিনি এসেছিলেন বাউল দুপুরে’ পরিবেশন করেন যথাক্রমে কণ্ঠশিল্পী পলাশ লোহ এবং আবৃত্তিশিল্পী শাহীন আলীম।

এরপরে একে একে কবিতা আবৃত্তিতে অংশ নেন- জিনাত সুলতানা রিমি, কামাল বারি, নাজমুল হুদা, জাকারিয়া তুষার, জুমারা চৌধুরী, প্রবীর গোপাল শুভ, রোজিনা বেগম, রেহানা রহিম, শেখ আসাদুজ্জামান আসাদ, লাবনী জেসমিন, রিপন রায়, অরবিন্দ আদিত্য, জাফরিন চৌধুরী এবং শোয়েব শিবলী।

আবৃত্তিপর্ব শেষে শুরু হয় সঙ্গীতানুষ্ঠান। HM Voice এর ব্যানারে স্বনামধন্য কবি ও গীতিকার শেখ নজরুলের লেখা এবং শোয়েব শিবলীর সুরারোপিত গান পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী- নওরীন শরিফ, বিন্দিয়া খান, শিরিন আক্তার লিসা ও পলাশ লোহ।

HM Voice তার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৬জন গুণীশিল্পী ও সঙ্গীতজ্ঞকে সম্মাননা প্রদান করে। সম্মাননা প্রাপ্তরা হলেন- সাব্বির জামান, নওরীন শরিফ, বিন্দিয়া খান, শিরিন আক্তার লিসা, পলাশ লোহ ও সুরকার শোয়েব শিবলী।
অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন কবি ও উপস্থাপক হাসান মাহমুদ ও সংগঠনের সভাপতি শিমুল মাহবুব।

উল্লেখ্য, প্রথম বছরের সাফল্যধারায় HM Voice তার নিজস্ব চ্যানেলে যুক্ত করেছে প্রায় ১০০টি মৌলিক গান। যেখানে দেশ, ভাষা, নববর্ষ, উৎসব, প্রাক-প্রকৃতি, বাবা-মা’সহ বিভিন্ন বিষয়ভিত্তিক গান নির্মাণে HM Voice অগ্রণী ভূমিকা পালন করছে। HM Voice-এর প্রথম থেকে এযাবৎকালে যত গান হয়েছে তার সবগুলো গানের সুর করেছেন নীরিক্ষাধর্মী সুরকার শোয়েব শিবলী।

ইউটিউব চ্যানেলে এযাবৎ ১৯৫টি গান ও কবিতা আপলোড হয়েছে। এছাড়া HM Voice-এর ব্যানারে গানের ৫টি এবং কবিতার ১টি আবৃত্তির সিডি প্রকাশিত হয়েছে। “আমি এই বৃক্ষের সন্তান” শীর্ষক একটি কাব্য প্রযোজিত হয়েছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম