মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৫ অক্টোবর ২০১৬ । ১০ কার্তিক ১৪২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অষ্টমবারের মত দলের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় জাতীয় কাউন্সিল উপলক্ষ্যে রাজধানীতে অবস্থানরত আওয়ামী লীগের হাজার হাজার নেতা-কর্মী তাঁকে অভিনন্দন জানাতে সোমবার বিকেলে গণভবনে হাজির হয়।
এসময় তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে অভিনন্দন জানায়।
বিকেল ৪ টায় দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা ফুলের তোড়া নিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের প্রধান গেটে সমবেত হয়।
দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী দেশব্যাপী দলকে আরো শক্তিশালী করার এবং আগামী নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি জনগণের ভোট চাই তাহলে আমরা তাদের জন্য যা করেছি তা সাধারণ মানুষকে জানাতে হবে। জনগণের দ্বারে দ্বারে গিয়ে বুঝাতে হবে একমাত্র আওয়ামী লীগের পক্ষেই দেশের উন্নয়ন করা সম্ভব।
প্রধানমন্ত্রী জনগণের সমর্থন পাওয়ার লক্ষ্যে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কল্যাণে তাঁর সরকারের বাস্তবায়িত কর্মকান্ডের তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানান।
শেখ হাসিনা বলেন, আমাদের হাতে আর দুই বছর দুই মাস সময় রয়েছে। মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তাই এই সময়কে সর্বাত্মকভাবে ব্যবহার করতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগই দেশের একমাত্র রাজনৈতিক দল যারা কথা দিয়ে কথা রাখে। আর আওয়ামী লীগ তা ইতোমধ্যে প্রমাণও করেছে এবং ভবিষ্যতেও করবে।
দলকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নেতাকর্মীদেরকে গণমানুষের পাশে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের একমাত্র লক্ষ্য হচ্ছে জনগণের কল্যাণে কাজ করা, যাতে তাদের ভাগ্যের পরিবর্তন হয়।
দেশের দারিদ্র্য বিমোচনে তাঁর সরকারের সাফল্যের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, অনেকে দারিদ্র্যকে যাদুঘরে পাঠিয়ে দেয়ার কথা বলেন। কিন্তু তারা দারিদ্র্য বিমোচনের নামে শুধু গরিব মানুষের রক্ত শোষণ করেন।
সন্ত্রাস ও জঙ্গিবাদের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশে এ দানবের বিস্তার রোধে সকল মসজিদ-মাদ্রাসার সঙ্গে নিজেদের যুক্ত রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে
প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ একটি আন্তর্জাতিক সমস্যা। আমাদের সমস্যা আমাদের নিজস্ব পথে সমাধান করছি। এ সমস্যা সমাধানে আমরা অন্যদের ওপর নির্ভর করব না।
প্রধানমন্ত্রী স্ব-স্ব এলাকায় গণসচেতনতা সৃষ্টির মাধ্যমে জনগণকে সাথে নিয়ে জঙ্গিবাদ নির্মূলের জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসলাম সন্ত্রাস নয়, শান্তির ধর্ম। যারা ইসলামের নামে নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে, তারা আসলে ইসলামের ক্ষতি করছে এবং ধর্মকে প্রশ্নবিদ্ধ করছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম