১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়ায় গাইবেন কনকচাঁপা, জেমস, বেবী নাজনীন এবং আরও অনেকে
Mastary Sangbad
December 12, 2024
জাতীয়, প্রচ্ছদ, ব্যানার, ব্রেকিং নিউজ, সঙ্গীত
296 Views
ঢাকা, বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
শীতের মৌসুম আর বিজয় দিবস ঘিরে কনসার্টের ধুম লেগে যায় বরাবরই। ব্যতিক্রম ঘটছে না এবারও। ১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে বিশাল কনসার্ট, যেখানে গাইবেন দেশের শীর্ষ জনপ্রিয় সংগীত তারকারা।
জাতীয় সংসদের সামনের প্রশস্ত এই সড়কে কনসার্টটি থাকবে উন্মুক্ত। আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল [বিএনপি]। মঙ্গলবার [১০ ডিসেম্বর] সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এই কনসার্টের ঘোষণা দেওয়া হয়েছে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আয়োজনের খুঁটিনাটি এবং শিল্পীদের নাম প্রকাশ করেন।
তিনি জানান, এই কনসার্টে গাইবেন নগরবাউল জেমস, রুমানা মোর্শেদ কনকচাঁপা, বেবী নাজনীন, মনির খানের মতো নন্দিত শিল্পীরা। এ ছাড়া তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে পারফরম করবেন প্রীতম হাসান, ইমরান মাহমুদুল, রাফা ও কনা। ব্যান্ডের মধ্যে থাকবে আর্ক ও ডিফারেন্ট টাচ। বাউল ও লালনশিল্পীদের পরিবেশনাও থাকবে কনসার্টে।
এমন বৃহৎ ও বিচিত্র পরিসরে কনসার্ট সচরাচর হয় না। তাই দর্শক-শ্রোতাও উন্মুখ হয়ে আছে এটি উপভোগ করার জন্য।এই কনসার্টের মাধ্যমে দীর্ঘদিন পর দেশের মঞ্চে গাইবেন বেবী নাজনীন। আওয়ামী লীগ আমলে রাজনৈতিক কারণে রাষ্ট্রীয় কিংবা ব্যক্তিগত অনুষ্ঠানগুলোতে গাইতে পারতেন না তিনি। বেবী নাজনীন বলেন, ‘সবার আগে দেশ।
দেশের জন্যই আমাদের তরুণরা নিজেদের প্রাণ বিলিয়ে দিয়েছেন। তাই দেশের সংস্কৃতিকে আগে প্রাধান্য দিতে হবে। সে লক্ষ্যেই এ কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গাইব, এটা ভাবতেই ভালো লাগছে। সবাইকে তো বটেই, বিশেষ করে তরুণ প্রজন্মকে এই কনসার্টে আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
2024-12-12