মাস্টারি বিডি ডটকম
খুলনা । ৩০ অক্টোবর ২০১৬ । ১৫ কার্তিক ১৪২৩
খুলনা-মংলা রেললাইন প্রকল্প সম্পর্কিত কমিটির প্রতিনিধি দল শনিবার বাগেরহাট জেলার ফকিরহাট মহিষ খামার প্রজনন এবং উন্নয়ন খামার সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে আলোচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা এবং কমিটির আহবায়ক ড. মসিউর রহমান বলেন, মহিষ প্রজনন খামার অনুমোদিত প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প, তেমনি খুলনা-মংলা রেললাইন স্থাপন প্রকল্পটিও প্রধানমন্ত্রীর অনুমোদিত জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট অগ্রাধিকারমূলক প্রকল্প। দুইটি প্রকল্পের গুরুত্বই অপরিসীম।
তিনি বলেন, এখানে মহিষের খামার পড়ে গেছে, মহিষের কোন রকম অসুবিধা সৃষ্টি না করে প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে হবে। খামারের পাশে রেললাইন হলে মহিষের কোন ক্ষতি হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
উপদেষ্টা আরও বলেন, খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রী অত্যন্ত সজাগ। সরকারের নানা পদক্ষেপ গ্রহণের ফলে এ অঞ্চলে অর্থনৈতিক ক্ষেত্রে বড় পরিবর্তন এসেছে। পদ্মা সেতু নির্মাণ সম্পন্ন হলে এ অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানা আধুনিক রূপ নিবে। দেশের অর্থনৈতিক উন্নয়নে বিল্পব ঘটছে। খুলনা-মংলা রেললাইন চালু হলে এ অঞ্চলের উন্নয়নে আরও গতিশীলতা আসবে।
তিনি এ অঞ্চলের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মীর শওকাত আলী বাদশা এমপি, সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, রেলপথের মহাপরিচালক মোঃ আমজাদ হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ অজয় কুমার রায়, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, বাগেরহাটের জেলা প্রশাসক, প্রকল্প পরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (উৎপাদন) এবং মহিষ প্রজনন খামারের ব্যবস্থাপক উপস্থিত ছিলেন।
পরে বাগেরহাট সার্কিট হাউজ সম্মেলন কক্ষে সরকারি মহিষ খামার প্রজনন ও উন্নয়ন খামারের মধ্য দিয়ে রেললাইন নির্মাণের এলাইনমেন্ট সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম