মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৭ জানুয়ারি ২০১৮ । ১৪ মাঘ ১৪২৪
নাগরিকদের একঘেয়েমী ও অবসাদ নিরসনে অর্থাৎ মন ভালো করার জন্যে অত্যাধুনিক সুযোগ-সুবিধাসহ রাজধানীতে নির্মাণ করা হচ্ছে ‘গোসা নিবারণী পার্ক’।
ওসমানী উদ্যানে আজ শনিবার এই পার্কের নির্মাণ কাজের উদ্বোধনকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, ‘নাগরিকদের মধ্যে অনেক সময় মান অভিমান, গোসা হয়ে থাকে। এই পার্কে যখন মানুষ আসবে স্বাভাবিকভাবে তাদের ভালো লাগবে, উৎফুল্ল লাগবে। এখানে জলের আধারসহ মন ভালো করার নানা বিষয় থাকবে, চা, কফি, স্যান্ডউইচ খাওয়া ও হারানো দিনের গান শোনার ব্যবস্থা থাকবে। ফলে স্বাভাবিকভাবেই এখানে এলে মানুষের গোসা নিবারণ হয়ে যাবে। এই চিন্তা থেকেই এটি গোসা নিবারণী পার্ক।’

মাদকসেবী আর ভবঘুরেদের আখড়ায় পরিণত হওয়া রাজধানীর ওসমানী উদ্যানকে ঠিক এমনই একটি পার্ক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন; যার নাম দেওয়া হয়েছে ‘গোসা নিবারণ পার্ক’। গোসা বা গোস্যা মানে হচ্ছে রাগ। পার্কে, এখানকার সবুজ প্রকৃতি, লেকের পানির ধারে মন
খারাপ হওয়া মানুষ কিছুটা সময় কাটিয়ে চনমনে হয়ে ফিরে যাবেন যে যার গন্তব্যে।
সাঈদ খোকন বলেন, ৫৮ কোটি টাকা ব্যয়ে প্রায় ২৯ একরের ওসমানী উদ্যানকে ‘গোসা নিবারণ পার্কে’ রূপ দেওয়ার কাজটি করা হবে ৯ থেকে ১০ মাসের মধ্যে।
পার্কের নামকরণ প্রসঙ্গে মেয়র বলেন, কর্মস্থলে ও পরিবারে প্রতিনিয়ত মানুষ গোস্যা করে বা রাগ হয়। এই পার্কটি এমনভাবে তৈরি করা হবে যাতে এখনে কেউ মন খারাপ নিয়ে এলে পরিবেশের সান্নিধ্যে তার মন ভাল হয়ে যাবে, উৎফুল্লতা বাড়বে, নতুন উদ্যমে আবার সে কাজে ফিরে যেতে পারবে।
তিনি বলেন, ‘এ পার্কে জলের আধার, মিউজিক সিস্টেম, বসার জন্য পৃথক জোন, বাচ্চাদের জন্য বিশেষ ব্যবস্থা, পুরনো দিনের গান শোনার ব্যবস্থা, বড় স্ক্রিনে টিভি দেখার সুবিধা থাকবে।’
পুরো পার্কটির চারদিক উন্মুক্ত থাকবে বলেও মেয়র জানান।
‘জল সবুজের ঢাকা’ প্রকল্পের আওতায় ওসমানী উদ্যানে ২৯ একর জায়গার ওপর প্রায় ৫৮ কোটি টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করা হবে।

‘গোসা নিবারণ পার্কের’ স্থপতি রফিক আজাদ সংবাদমাধ্যমকে বলেন, পার্কের ভেতর একটি লেক তৈরি করা হবে, যেখানে সারা বছর পানি থাকবে। আশপাশের এলাকার ‘ড্রেনেজ সিস্টেম’ সংস্কার করা হচ্ছে যাতে বর্ষার সময় অতিরিক্ত পানি এই লেকে চলে আসতে পারে।
তিনি বলেন, পুরো উদ্যানে কোনো গ্রিল থাকবে না, গোসা নিবারণ পার্ক শহরের সাথে মিশে যাবে ও সবার জন্য সার্বক্ষণিক উন্মুক্ত থাকবে।
উন্মুক্ত করে দেওয়া হলে মানুষ চলাচলের সুবিধা হবে, এর ফলে রাস্তা ঘুরে না গিয়ে পার্কের ভেতর দিয়ে সবাই গন্তব্যে পৌঁছতে পারবে বলে মনে করেন মেয়র সাইদ খোকন।
বর্তমানে ওসমানী উদ্যানের উত্তর, দক্ষিণ ও পশ্চিমে যথাক্রমে রয়েছে ফিনিক্স রোড, আবদুল গনি রোড ও বঙ্গবন্ধু এভিনিউ।
পার্কের নির্মাণ কাজ উদ্বোধন শেষে মেয়র বঙ্গবাজার মোড়ে অত্যাধুনিক পুলিশ বক্সের উদ্বোধন করেন। ডিএসসিসি এলাকায় ৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৭১টি পুলিশ বক্স স্থাপন করা হচ্ছে। শনিবার ৪টির উদ্বোধন করা হয়।
এছাড়া চলতি বছরে ৭১টি অত্যাধুনিক টয়লেট, ১৯টি পার্কিং ও ১২টি খেলার মাঠ নির্মাণ কাজ হাতে নিয়েছে ডিএসসিসি।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, স্থপতি আরিফ আযম ও কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন উপস্থিত ছিলেন।
সৌজন্যে : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম