মাস্টারি বিডি ডটকম
লালমনিরহাট । ০৭সেপ্টেম্বর ২০১৭ । ২৩ ভাদ্র ১৪২৪
ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের উদ্যোগে ও লালমনিরহাট জেলা পুলিশের সহযোগিতায় উত্তরাঞ্চলের বন্যাদুর্গতদের মাঝে ১২ ট্রাক ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
১২টি ট্রাকে মোট ১০ হাজার প্যাকেট ত্রাণসামগ্রী রয়েছে। একেকটি প্যাকেটে আছে পাঁচ কেজি চাল, দুই কেজি ডাল, আধা কেজি চিনি, আধা কেজি সুজি, আধা কেজি চিঁড়া ও দুটি খাবার স্যালাইন। তবে কিছু প্যাকেটে আছে শাড়ি ও লুঙ্গি।
বুধবার বেলা ৩ টায় লালমনিরহাট জেলা সদরের কুলাঘাট ও জেলার আদিতমারীর মহিষখোচায় এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি ত্রাণ সামগ্রীর ব্যাগে ছিল চাল, ডাল, চিনি, সুজি, লবণ, শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবী, শিশু পোশাক, ওরস্যালাইন, সাবান ও পানির বোতল।
ত্রাণ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লালমনিরহাট পুলিশ সুপার রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার নাসির উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার এএসপি আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ, ব্রাহ্মণবাড়িয়ার জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান তানিম, ব্যাবসায়ি নেতা আল মামুন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা খন্দকার কামরুল ইসলাম প্রমুখ।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ট্রাকগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন থেকে আনুষ্ঠানিকভাবে লালমনিরহাট ও কুড়িগ্রামের উদ্দেশে রওনা হয়।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বন্যাদুর্গতদের সাহায্যের জন্য একটি তহবিল গঠনের পর জেলার সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আহ্বান জানিয়ে সাড়া পাওয়া গেছে।
তিনি বলেন, টাকা, নতুন কাপড়, শুকনো খাবার, ওষুধ, খাবার স্যালাইন ও বিশুদ্ধ পানি দিয়েছে বিভিন্ন স্তরের মানুষ। প্রায় ১৫ লাখ টাকার সামগ্রী জমা পড়েছে। আর জেলার সব পুলিশ দিয়েছে একদিনের বেতন, পাঁচ লাখ টাকা। মোট ৫৫ লাখ টাকা সংগ্রহ করা হয়েছে।
লালমনিরহাট ও কুড়িগ্রামের বন্যার্তদের এসব সামগ্রী দেওয়া হবে জানিয়ে তিনি ওইদিন বলেন, এছাড়া আগামী সপ্তাহে দিনাজপুরে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করতে নগদ ২০ লাখ টাকা দেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদানের অর্থ হস্তান্তর করেন।
ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা খানম নিশাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত ত্রাণ টিমটি আজ বৃহস্পতিবার কুড়িগ্রামে ত্রাণ বিতরণ করবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম