মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৫ জানুয়ারি ২০১৭ । ০২ মাঘ ১৪২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ টঙ্গীতে তুরাগ নদের তীরে অনুষ্ঠিত পবিত্র হজের পর বিশ্বে মুসলমানদের বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমার প্রথম পর্বের শেষ দিনে আখেরী মোনাজাতে অংশগ্রহণ করেছেন। সংবাদ বাসস-এর।
প্রধানমন্ত্রী রোববার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে এই মোনাজাতে অংশ নেন।
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য এডভোকেট সাহারা খাতুন, প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যগণ এবং আত্মীয়রা তাঁর সঙ্গে এই মোনাজাতে শরিক হন।
এই মোনাজাতে বিশেষ করে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও কল্যাণ এবং মুসলিম উম্মাহর ব্যাপক ঐক্য লাভের জন্য প্রার্থনা করা হয়।
ভারতের বিশিষ্ট আলেম মাওলানা সাদ এই মোনাজাত পরিচালনা করেন।
প্রথম পর্যায়ের ইজতেমায় দেশের ১৬টি জেলার হাজার-হাজার মুসল্লী অংশ নিয়েছেন। জেলাগুলো হচ্ছে- গাজীপুর, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়ীয়া, মানিকগঞ্জ, রংপুর, চাঁপাইনবাবগঞ্জ, রাঙামাটি, বান্দরবান, গোপালগঞ্জ, শরীয়তপুর, যশোর, খাগড়াছড়ি, জয়পুরহাট, মৌলভীবাজার ও সাতক্ষীরা।
গাজীপুরের পুলিশ সুপার হারুন-অর-রশিদ সংবাদমাধ্যমকে জানান- ভারত, পাকিস্তান, সৌদি আরব, সংযুক্ত আরব আমীরাত, কাতার, মিশর, জর্দান, আলজেরিয়া, ওমান, ইয়েমেন, সুদান, ফিলিস্তিন, তিউনিসিয়া, বাহরাইন, ফ্রান্স, কুয়েত, সোমালিয়া, কেনিয়া, জার্মানী, সুইজারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, ইরাক ও ইরানসহ ৯১টির বেশি দেশের ৭ হাজার ৮০৪ জন বিদেশী মুসল্লী এবার ইজতেমায় যোগ দিয়েছেন।
অন্য জেলার মুসল্লীরা ২০-২২ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিতব্য দ্বিতীয় পর্যায়ের ইজতেমায় অংশগ্রহণ করবেন।
শুক্রবার বাদ ফজর আলেমদের বয়ান ও মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয় এবং আজ রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি হয়েছে।
ইজতেমায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বিশিষ্ট ওলামা-মাশরেকগণ বয়ান করে থাকেন এবং অন্যান্য আলেমগণ তা বিশ্বের বিভিন্ন ভাষায় তরজমা করে শোনান।
স্থান সংকুলান ও পরিবহন সমস্যার প্রেক্ষিতে ২০১১ সাল থেকে দুটি পর্যায়ে ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে।
নয়াদিল্লিভিত্তিক তাবলিগ-ই-জামাত ১৯৬৭ সাল থেকে ইজতেমা আয়োজন করে আসছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম