Home / জাতীয় / বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি নাহিদ ইসলামের
1 7 25 1

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি নাহিদ ইসলামের

মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ মাসস

জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, একটি নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের অবশ্যই বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দিকে যেতে হবে।

মঙ্গলবার রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর তিনি এ দাবি জানান।

তিনি আরও বলেন, আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। একটি নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, রাষ্ট্রগঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই মূলত এই জুলাই পদযাত্রা। যেখানে আমরা ৬৪ জেলার মানুষের সঙ্গে কথা বলব, তাঁদের কথা শুনব। যাঁরা জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, তাঁদের সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাঁদের কাছে তুলে ধরব।

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ থেকে এনসিপির আয়োজনে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি শুরু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন।

এ সময় নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই- যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকেন হাজারো, লক্ষ মানুষ যারা রাজপথে নেমেছিলেন, তারা ঘরে ফিরে গেছেন, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাঈদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে-প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র, জনতা, তরুণদের আবারও রাজপথে নেমে আসার আহ্বান জানাব।

জুলাই গণহত্যার বিচার এখনো সম্পন্ন না হওয়ায় হতাশা ব্যক্ত করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, আমাদের মধ্যে হতাশা রয়েছে। আমরা এখনো বিচার সম্পন্ন দেখতে পাইনি। আমাদের যে বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের যে সংস্কার সেটিও সম্পূর্ণরূপে দেখতে পাইনি।

তিনি বলেন, অনেকে মনে করেন, এটা সরকার পতনের আন্দোলন ছিল কেবল। আমরা মনে করি, এটা কেবল সরকার পতনের আন্দোলন ছিল না। এটি ছিল নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার আন্দোলন। একটি দল পরিবর্তন বা ক্ষমতার হস্তান্তরের জন্যই গণ-অভ্যুত্থান ঘটেনি। গণ-অভ্যুত্থান ঘটেছিল গণতান্ত্রিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য।

নাহিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের বন্দুকের সামনে বুক চিতিয়ে দেওয়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ অনুপ্রেরণা ছিলেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানে আবু সাঈদ, ওয়াসিম, মুগ্ধসহ সব শহীদ ও আহত ব্যক্তিদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নাহিদ ইসলাম বলেন, ১৬ জুলাই শহীদ আবু সাঈদের মৃত্যুর ঘটনা যখন আমরা শুনতে পেয়েছিলাম শহীদ মিনার থেকে, বাংলাদেশ তখন শোকে কেঁপে উঠেছিল। ১৬ জুলাইয়ের পর থেকে এ আন্দোলন অন্য দিকে মোড় নেয়। লাখ লাখ তরুণ ছাত্ররা রাজপথে নেমে আসেন এবং সরকারের বিরুদ্ধে দাঁড়ান। ফ্যাসিবাদের বিরুদ্ধে তাঁদের যে প্রতিবাদ, যে নতুন বন্দোবস্তের আকাঙ্ক্ষা, তা ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আমরা স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছি। আমরা তার ব্যবস্থার বিলোপ চেয়েছি। একটি নতুন দেশ গড়ার জন্য যে উদ্যম দরকার, রাষ্ট্রগঠনের জন্য আমাদের কাজ করা দরকার, সেই রাষ্ট্র গঠনের জন্যই মূলত এই জুলাই পদযাত্রা। যেখানে আমরা ৬৪ জেলার মানুষের সঙ্গে কথা বলব, তাঁদের কথা শুনব। যাঁরা জুলাই গণ-অভ্যুত্থানে প্রাণ দিয়েছেন, তাঁদের সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা আমরা তাঁদের কাছে তুলে ধরব।

এনসিপির আহ্বায়ক ঘোষণা দেন, ৬৪ জেলায় পদযাত্রা শেষে ৩ আগস্ট ছাত্র, কৃষক, শ্রমিকদের নিয়ে ঢাকায় সমাবেশ করা হবে। ওই সমাবেশ থেকে তারা জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ আদায় করে ছাড়বেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

23 4 26 44444

জ্ঞানভিত্তিক ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট তৈরি করতে হবে, যা এলজিইডির ভবিষ্যৎ প্রকল্পের জন্য রেপ্লিকেবল মডেল হিসেবে কাজ করবে: প্রধান প্রকৌশলী

ঢাকা, বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার …