মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ জুন ২০১৭ । ২৩ জৈষ্ঠ্য ১৪২৪
ইউনেস্কোর সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা ও এর উন্নয়ন বিষয়ে অনুষ্ঠেয় রাষ্ট্রসমূহের ৬ষ্ঠ সম্মেলনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হয়েছে।
এই প্রথম ইউনেস্কোর কোন সম্মেলনে বাংলাদেশ সভাপতি নির্বাচিত হলো। ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে আগামী ১২ থেকে ১৫ জুন পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্যারিসে ইউনেস্কো সদর দপ্তর থেকে এক ই-মেইল বার্তায় রোববার এ বিষয়টি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়কে জানানো হয়েছে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘এশিয়া প্যাসিফিক অঞ্চলের ৪৪টি দেশের প্রতিনিধিরা সর্বসম্মতিক্রমে বাংলাদেশকে এ পদের জন্য নির্বাচিত করেছেন। এটি আমাদের জন্য এক বড় অর্জন, যা আন্তর্জাতিক অঙ্গণে বাংলাদেশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে।’
অনুষ্ঠেয় সভায় সভাপতিত্ব করার জন্য ইউনেস্কোর পক্ষ থেকে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে আমন্ত্রণ জানানো হয়েছে। মূল কনফারেন্সটি ১২ থেকে ১৫ জুন প্যারিসে অনুষ্ঠিত হবে। তবে এ বিষয়ে প্রস্তুতিমূলক সভা ও আনুষঙ্গিক কার্যক্রম ৮ জুন থেকেই শুরু হবে।
মূল কনফারেন্সে সভাপতিত্ব এবং প্রস্তুতিমূলক সভা ও আনুষঙ্গিক কার্যক্রমে অংশ নিতে সংস্কৃতিমন্ত্রী ৮ থেকে ১৬ জুন প্যারিস সফর করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিভিন্ন দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য রক্ষা ও এর উন্নয়নে ইউনেস্কো পরিচালিত ১৪৫টি গ্রুপ বা কমিটি পৃথিবীব্যাপী কাজ করে। তারা প্রতি দু’বছর পরপর জুনে সাধারণ অধিবেশনে মিলিত হয়।
সূত্র : বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম