Home / সাহিত্য / কবিতা / প্রেমের কবিতা
love+poem+17+mbd

প্রেমের কবিতা

goonda-6

কাব্যসুন্দরী
নির্মলেন্দু গুণ

যতোই ফেরাতে চাই চোখ,
সুন্দরের টানে
ততোই সে ফিরে যায়-;
কেন্দ্রস্রোতে
পুনরায় তারই মুখপানে।

যতোই চোখকে বলি-
ঐ মুখপানে আর চেয়ো না,
যতোই মনকে বলি- না,
ঐ মায়া-হরিণীর পিছে
তুমি আর মিছে ধেয়ো না।

কেউ কি সে-কথা শোনে?

সুন্দরের মাতাল নেশায়
হিমালয় থেকে নেমে আসা
নদীজলে সমুদ্র ভেসে যায়।

কল্পনা শুধু কল্পনাজাল বোনে।

নয়াগাঁও
১ ফাল্গুন ১৪২৪
…………

 

nurul+huda+poet+mbd-2

কবির অধরে
মুহম্মদ নূরুল হুদা

 
পান্না নেমে গেলো।
আর কবির চোখে ভেসে উঠলো
তার পূর্বপুরুষের খড়ো কুড়েঘর;
তার পাশে বয়ে চলেছে বাংলার সব নদী
মেঘনা, যমুনা, সুরমা, শঙ্খ, কর্ণফুলী…

কবে যেন পান্না হারিয়েও এসেছে
কর্ণফুলীর ধারাজলে তার কানফুলগুলি।

কোনো কিছু চিন্তা না করেই কবি সাজলো
উদ্ধারকর্মী। চোখ বন্ধ করে ডুব দিলো
কর্ণফুলীর ধারাজলে। কবি সাঁতার কাটলো
অনন্তকাল। ডুবতে ডুবতে ভাসতে ভাসতে
কবিও হয়ে উঠলো টলমলে ফোঁটাজল।

ঘর ছেড়ে চর ছেড়ে,
সেই ভবঘুরে ফোঁটাজল
কখন যেন উড়ে এলো উড়ির চরে;

তারপর মিশে গেলো
আদিগন্ত থইথই বঙ্গোপসাগরে
আহা, কবিতার কিশোরী চুম্বন
তখনো চিকচিক করছে কবির অধরে।
…………….

 

sk+nazrul+poet+mbd

চুড়ির শব্দ শোনার আগেই আমি মরে যাবো
শেখ নজরুল

কখনও কখনও চুড়িকে আমার প্রেম মনে হয়
সে যখন রিনিঝিনি শব্দে বেজে ওঠে-
আমার হৃদস্পন্দন বেড়ে যায়
মনে হয়, চুড়ির শব্দ শোনার আনন্দেই
আমি মরে যাবো।

হে চুড়ি, লাল-নীল-সবুজ-বেগুনি
হলুদ-গোলাপি রেশমি চুড়ি
আমি তোমার মুগ্ধ প্রেমিক
আমি তোমার গানের নিমগ্ন শ্রোতা
তুমি যেখানেই বেজে ওঠো
আমার প্রাণ নেচে উঠবেই!

বুঝতে পারি, কেউ তোমাকে
কাছে টেনেছে গভীর আলিঙ্গনে
নীল চুড়িতে তুমি হাত সাজালে
আমার কোনো আকাশ লাগে না
লাল চুড়িতে আমি
পতাকার অখণ্ড গোলক খুঁজে পাই
সবুজ চুড়িতে আমার প্রাণে
স্বদেশের স্পন্দন ফিরে পাই।

আমি মরে যাবার পর তুমি শেষবার
হাতভরে লাল-সবুজ চুড়ি বাজিয়ে দিও!

সুরগাঁও
ফাল্গুন ২০১৭
………

 

kamal bari-14-2-18 - Copy

একাগ্র প্রেমী
কামাল বারি

শূন্যতার সংখ্যাটি শুরুতেই লিখি
আরসব ক্রমান্বয়ে ক্রমাগত লিখে যাবো;
তাবৎ হাতছানি স্পর্শের কঙ্কাল
জালের মতো জলের গভীরে
ভাসায় আমায়;

আমি যেখানেই হোক মাটির মাহাত্মে
সীমাহীন বিশ্বাস আবাদ করে যাই
কীভাবে মুখগুঁজে থাকি ফলবতী স্তনে
সমগ্র ভাষার মুখোমুখী একাগ্র প্রেমী
পুষে যাই প্রিয়তার মুখ;

প্রেম ডোবাতে পারেনি কুহক কুয়াশায়;
অতলে অজগর বুকে দ্বিধাহীন উপভোগ।

…………..

মাস্টারি বিডি ডটকম / ঢাকা / ১৭ ফেব্রুয়ারি ২০১৮ / ০৫ ফাল্গুন ১৪২৪

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …

Leave a Reply

Your email address will not be published.