মাস্টারি বিডি ডটকম
১৪ সেপ্টেম্বর ২০১৬ । ৩০ ভাদ্র ১৪২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তর আমেরিকার দু’টি দেশ, কানাডা ও যুক্তরাষ্ট্রে ১২ দিনের সরকারি সফরে আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা ত্যাগ করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে তিনি ও তাঁর সফরসঙ্গীরা লন্ডনের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছেন।
প্রধানমন্ত্রী কানাডা ও যুক্তরাষ্ট্র যাওয়ার পথে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতি করবেন। সংবাদ বাসস-এর।
বিমানবন্দরে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল ইনু, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, চিফহুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধান, আইজিপি, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ও উচ্চপদস্থ কর্মকর্তাগণ প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, লন্ডনে ২২ ঘণ্টা যাত্রাবিরতির পর প্রধানমন্ত্রী আগামীকাল এয়ার কানাডার বিমানে মন্ট্রিলের উদ্দেশে যাত্রা করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত ফিফথ রিপ্লেনিসমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ)-এ যোগদানের উদ্দেশ্যে কানাডা যাবেন।
আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর কানাডার মন্ট্রিলে ‘জিএফ’-এর সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে বিশ্বের সবচেয়ে মারাত্মক সংক্রামক ব্যাধি এইডস, যক্ষ্মা ও ম্যালেরিয়াকে ২০৩০ সালের মধ্যে নির্মূল করার বিষয়টি নিয়ে আলোকপাত করা হবে।
শেখ হাসিনা ১৬ সেপ্টেম্বর মন্ট্রিলের হায়াত রিজেন্সিতে এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বিকালে তিনি একই হোটেলে অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সম্মেলনের মিনিস্ট্রিয়াল প্লেজিং মোমেন্ট ও আনুষ্ঠানিক সংবর্ধনায় অংশ নেবেন। পরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দেওয়া নৈশভোজে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
দ্বিতীয় দিনে শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী ও গ্লোবাল ফান্ডের নির্বাহী পরিচালক মার্ক ডাইবালের সঙ্গে সম্মেলনে যোগ দেবেন। এছাড়া ‘রিমুভিং বেরিয়ার্স থ্রু হেলথ থ্রো এম্পাওয়ারিং উইমেন অ্যান্ড গার্লস অ্যান্ড রিচিং দ্য মোস্ট মার্জিনালাইজড’ এবং ‘এনগেজিং অ্যান্ড মোবিলাইজিং ইয়ুথ টু মিট দ্য সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস’ শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেবেন তিনি।
এরপর কানাডার গভর্নর জেনারেল ডেভিড জনস্টনের যৌথ আয়োজনের মধ্যাহ্নভোজে অংশ নেওয়ার কথা রয়েছে শেখ হাসিনার।
সম্মেলনের সমাপনী অধিবেশনে যোগ দেওয়ার পর শেখ হাসিনা কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া অন্যান্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে গ্লোবাল ফান্ড ও গ্লোবাল সিটিজেন আয়োজিত কনসার্টে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
কানাডা সফর শেষে শেখ হাসিনার ১৮ সেপ্টেম্বর দুপুরে এয়ার কানাডার একটি ফ্লাইটে নিউইয়র্ক পৌঁছাবেন। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন।
সফরের দ্বিতীয় পর্যায়ে শেখ হাসিনা ১৮ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে যোগদানের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র যাবেন।
শেখ হাসিনা ২২ সেপ্টেম্বর সড়কপথে ভার্জিনিয়ার উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং ২৫ সেপ্টেম্বর এমিরেটস এয়ারলাইনের ফ্লাইটে দেশের উদ্দেশে ওয়াশিংটন ডিসি ত্যাগ করবেন।
২৬ সেপ্টেম্বর বিকালে প্রধানমন্ত্রী ঢাকায় ফিরবেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম