মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ৩১ ডিসেম্বর ২০১৭ । ১৭ পৌষ ১৪২৪
মহাকালের আবর্তে বিলীন হতে যাচ্ছে আরো একটি বছর-২০১৭।
এ বছরের সকল দুঃখ-বেদনা ভুলে আজ দিবাগত মধ্যরাতে বিশ্বের সাথে বাংলাদেশও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নতুন আশা নিয়ে বরণ করবে ২০১৮ সালকে।
দেশের যুবক-যুবতী বিশেষ করে তরুণ জনগোষ্ঠী আজ রাত ১২ টা বাজার সাথে সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে ইংরেজি নববর্ষ ২০১৮ সালকে স্বাগত জানাবে।
বিশ্বের দেশগুলোর মধ্যে নিউজিল্যান্ড সর্বপ্রথম ২০১৭-কে বিদায় জানিয়ে বরণ করবে ইংরেজি নববর্ষ ২০১৮-কে।
নিউজিল্যান্ড হ্যারাল্ডের রিপোর্ট অনুযায়ী জানা গেছে, ইতোমধ্যে সে দেশের শত শত মানুষ নববর্ষ উদযাপনের লক্ষ্যে শহরের কেন্দ্রে ভিড় জমিয়েছে।
এদিকে ২০১৭ সালকে বিদায় জানিয়ে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ এবং আমেরিকায় ২০১৮ সালকে বরণ করতে যাচ্ছে।
বাংলাদেশে ২০১৭ সাল ছিল বিভিন্ন ক্ষেত্রে অর্জনের বছর। এ বছর রাজনীতি, অর্থনীতি, কৃষি, জঙ্গি দমন এবং তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ আশাতীত সাফল্য অর্জনসহ মধ্যম আয়ের দেশে এগিয়ে যাওয়ার পথে উন্নীত হয়েছে।
এ বছর বিশ্ব সূচকেও বাংলাদেশের অনেক সাফল্য রয়েছে। এছাড়াও রাজনীতি এবং অর্থনীতি’র পরিবেশ ছিল শান্তিপূর্ণ। রাজনৈতিক পরিস্থিতি শান্ত থাকায় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও এগিয়ে গেছে বাংলাদেশ।
এদিকে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নববর্ষ ২০১৮ উপলক্ষে বাণী প্রদান করেছেন। অপরদিকে নববর্ষ উদযাপন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ বিশেষ সতর্কতা অবলম্বন করে নির্দেশ জারি করেছে। রাজধানীসহ বড় শহরগুলোতেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম