মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২১ অক্টোবর ২০১৬ । ০৬ কার্তিক ১৪২৩
রাজধানী ঢাকাসহ সারাদেশের সাজসজ্জার সাথে সাথে ফেসবুকের প্রোফাইল ছবিতেও আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ছাপ পড়েছে। ২০তম জাতীয় কাউন্সিল সরাসরি ফেসবুকে লাইভ প্রচার হবে। এ ব্যাপারে দলীয় নেতারা বলেন, বাংলাদেশকে ডিজিটাল হিসাবে গড়ে তোলার মূল ভূমিকা রেখেছে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয়। সেই দলের জাতীয় সম্মেলনে ডিজিটালের ছোঁয়া তো থাকবেই। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেন, ডিজিটাল বাংলাদেশর রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর আওয়ামী লীগের সম্মেলনে ডিজিটালের ছোঁয়া থাকবেনা এটা কি করে হয়?
তিনি বলেন, আওয়ামী লীগের নিজস্ব ফেসবুক পেজে সম্মেলন সরাসরি দেখা যাবে। যে কেউ আওয়ামী লীগের ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে সম্মেলন লাইভ দেখতে পারবেন। ২২ ও ২৩ অক্টোবরের সম্মেলনে ৫০ হাজার কাউন্সিলর ও ডেলিগেট বসার ব্যবস্থা থাকবে। তাদের সুবিধার্থে ১০টি বড় পর্দায় সম্মেলন দেখানো হবে।
জানাগেছে, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে জাতীয় সম্মেলন উপলক্ষে একটি ইভেন্ট খোলা হয়েছে। সেখানে ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ -এর ২০তম জাতীয় সম্মেলনে সবাইকে স্বাগতম জানানো হয়েছে। এর পাশাপাশি বলা হয়েছে, অক্টোবর ২২-২৩ তারিখে অনুষ্ঠিতব্য এই সম্মেলন যথাক্রমে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট এ অনুষ্ঠিত হবে। সারা দেশ থেকে ৬,৫৭০ জন কাউন্সিলর এই সম্মেলনে ভোটের মাধ্যমে দলটির ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন করবেন। পাশাপাশি মহানগর থেকে তৃণমূল, সকল পর্যায়ের ৫০ হাজারের বেশি নেতা-কর্মী-সমর্থক এই কাউন্সিলে উপস্থিত থাকবেন।
সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর নির্বাহী পরিচালক সাব্বির বিন সামস বলেন, এই উদ্যোগ নেয়ার ফলে তৃণমূল পর্যায়ে নেতাদের মধ্য সংহতি ও রাজনৈতিক কর্মতৎপরতা অনেক বাড়বে। এটি হবে তৃণমূল পর্যায়ের নেতাদের অংশগ্রহণ মূলক সম্মেলন।
তিনি বলেন, এবার প্রথমবারের মত লাখ লাখ সমর্থক-নেতা-কর্মী অনলাইনে যুক্ত হবেন। আর নেতা-কর্মীদের অনলাইনে যুক্ত করা ও ফেসবুকে লাইভ সম্প্রচারের দায়িত্ব পালন করবে সিআরআই।
সাব্বির বিন সামস আরও জানান, এ ছাড়াও জাতীয় সম্মলনে সেন্টার ফর রিসার্চ এন্ড ইনফরমেশন (সিআরআই) এর দু’টি স্টল থাকবে। তার একটি পাওয়া যাবে আওয়ামী লীগ সরকারের গত প্রায় আট বছরের সকল উন্নয়ন ও সফলতার ওপর গবেষণালদ্ধ সকল প্রকাশনা। এসব প্রকাশনার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর বেশ কিছু প্রকাশনা থাকবে এবং জাতীয় গুরুত্বপূর্ণ কিছু রাজনৈতিক প্রকাশনাও থাকবে।
তিনি বলেন, অপর স্টলে থাকবে বেশ কিছু ইনস্টলেশন। সেখানে তথ্যচিত্র উপস্থাপন করা হবে। এর মধ্যে রয়েছে- প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভোট ও ভাতের অধিকারের সংগ্রাম (১৯৮১-১৯৯৬), ছবিতে বঙ্গবন্ধু, ৭ই মার্চের ভাষণ এবং আওয়ামী লীগের পথচলা (১৯৪৯-২০০৮)।
এদিকে ডিজিটাল বাংলাদেশ গঠনের ডাক দেয়া দলটির ২০তম জাতীয় সম্মেলনকে কেন্দ্র করে দলের নেতা-কর্মীরা তাদের ফেসবুকে ছবিতে বিশেষ ব্যাজ সংযুক্ত করছেন।
সূত্র: বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম