মাস্টারি বিডি ডটকম
রংপুর । ০৯ জানুয়ারি ২০১৭ । ২৬ পৌষ ১৪২৩
বর্তমান সরকার গুণগতমাণ ও রোগমুক্ত বীজের মাধ্যমে সোনালী আঁশ পাটের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের সার ও অন্যান্য উপকরণ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।
সম্প্রতি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা পাট উন্নয়ন কার্যালয়ে পাট অধিদফতর আয়োজিত ২৫০ জন প্রশিক্ষিত কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও কীটনাশক বিতরণ অনুষ্ঠানে বিশেষজ্ঞরা এ কথা বলেন। খবর বাসস-এর।
পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের অধীন পাট অধিদফতর ‘প্রোডাকশন অব হাই ইয়েলডিং লোকাল ভ্যারাইটি জুট, জুট সীড এন্ড ইমপ্রুভড রেটিং টেকনোলজি প্রজেক্ট’ গুণগতমানসম্পন্ন পাট উৎপাদনের লক্ষ্যে এই বীজ বিতরণ করে।
এর আগে পাট অধিদফতর সর্বশেষ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গুণগতমানসম্পন্ন বীজ উৎপাদনের মাধ্যমে স্থানীয়ভাবে বীজের চাহিদা পূরণ ও পাট চাষের জন্য বিনা মূল্যে বীজপ্রাপ্ত কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়।
মিঠাপুকুর উপজেলা সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মহব্বত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন-অর-রশিদ।
অনুষ্ঠানে জেলা পাট উন্নয়ন কর্মকর্তা এটিএম তৈয়মুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা খোরশেদ আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. সাদেকুজ্জামান ও উপজেলা পাট উৎপাদক সমিতির সভাপতি মোজাফ্ফর হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
খোরশেদ আলম তার বক্তব্যে সর্বাধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে গণগতমানের পাট বীজ উৎপাদন ও চাষ করে পাটের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের পরামর্শ দেন।
এটিএম তৈয়বুর রহমান গুণগতমানের বীজ ও কীটনাশক ব্যবহারের গুরুত্বের দিক তুলে ধরে স্বল্প ব্যয়ে ‘রিবন রেটিং মেথড’ প্রয়োগ করে মানসম্পন্ন আঁশ উৎপাদনের মাধ্যমে পাটের উচ্চমূল্য নিশ্চিত করার আহ্বান জানান।
প্রধান অতিথি তার বক্তব্যে স্থানীয়ভাবে গুণগতমানসম্পন্ন পাটের বীজের চাহিদা মিটিয়ে পাট উৎপাদন বৃদ্ধির জন্য কৃষক ও কৃষি বিশেষজ্ঞদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম