Home / জাতীয় / ‘সংসদের শেষ অধিবেশনের পর নির্বাচনী প্রক্রিয়া’
pm+edu+mbd

‘সংসদের শেষ অধিবেশনের পর নির্বাচনী প্রক্রিয়া’

মাস্টারি বিডি । শিমুল আহসান
ঢাকা । ২১ অক্টোবর ২০১৮ । ০৬ কার্তিক ১৪২৫

আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জনগণের সেবা করার সুযোগ দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই দেশে উন্নয়ন দৃশ্যমান। দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে হলে এবং উন্নয়ন চাইলে জনগণ ফের নৌকা মার্কায় ভোট দেবে। আর যদি নাও দেয়, আমার কোনো আফসোস নেই। কেননা বাংলাদেশের উন্নয়নের যে ধারাটা আমরা শুরু করেছি, আমি চাই সে ধারাটা যেন অব্যাহত থাকে।

শনিবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত বিশ্ববিদ্যালয় শিক্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রী আরও বলেন, সংসদের শেষ অধিবেশন শুরু হচ্ছে। এ অধিবেশন শেষ হওয়ার পরই নির্বাচন প্রক্রিয়া শুরু হবে।

national-parliament-house

প্রধানমন্ত্রী বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু তৈরির যে যুগোপযোগী সিদ্ধান্ত আমরা নিয়েছি, এই একটি সিদ্ধান্ত সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। অবশ্য পদ্মা সেতুর কারণে আমার ও আমার পরিবারের সদস্যদের অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করতে হয়েছে। তবুও মাথা নত করিনি। কারণ বাবার কাছে শিখেছি অন্যায়ের কাছে মাথা নত না করতে।

শিক্ষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এ দেশের সোনার ছেলে-মেয়ে তৈরির দায়িত্ব আপনাদের। সোনার সন্তান তৈরি করে দেশকে এগিয়ে দেবেন। এ দেশ যেন আর থেমে না যায়। দেশে উন্নয়নের বর্তমান ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে আগামী নির্বাচনে জয়লাভের বিষয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সহযোগিতা প্রত্যাশা করে প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। শিক্ষকদের সকল দাবি-দাওয়া মেনে নিয়েছি। শিক্ষকরা কীভাবে ভালো থাকবেন তাদের সে সুযোগ-সুবিধা করে দিয়েছি। তিনি বলেন, এখন যারা শিক্ষক, অনেকে বয়সে আমার চেয়ে অনেক ছোট। আপনাদের হাতে দেশের ভবিষ্যত্। আবার মুরব্বিরাও আছেন। আপনাদের বলব আপনাদের হাতে দেশের ভবিষ্যত্। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা কার্যক্রমে আরও গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা গবেষণায় গুরুত্ব দিয়েছি বলেই ধান উত্পাদন, শাকসবজি উত্পাদন, মাছ উত্পাদন, ফলমূল উত্পাদনে উন্নত বিশ্বের কাতারে রয়েছি।

parliament+of+bangladesh+songsod+mbd

প্রধানমন্ত্রী বলেন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়া যাতে ঠেকে না থাকে সে কারণে প্রাথমিক থেকে শুরু করে উচ্চ শিক্ষায়ও আমরা বৃত্তির ব্যবস্থা করেছি। তিনি বলেন, আমরাই প্রথম বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণার জন্য বাজেটে বরাদ্দ রাখা শুরু করি। আমরা এর সুফলও দ্রুত পেয়েছি। লবণাক্ত, জলমগ্ন, খরা সহ্য করতে পারে এমন ধান আবিষ্কার করার ফলেই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পেরেছি। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আরও বেশি করে গবেষণার তাগিদ দেন। শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ এবং গবেষণার ব্যাপারে সরকার যত্নশীল জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আবারও ক্ষমতায় এলে তাদের অন্য দাবিগুলোও পূরণ করবে সরকার।

সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশকে জঙ্গিবাদ, সন্ত্রাস মুক্ত করতে হবে। এটা করা শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে হবে না। এখানে শিক্ষক, অভিভাবক সকলে মিলে সমাজের দায়িত্ব নিতে হবে।

শেখ হাসিনা বলেন, অসাম্প্রদায়িক চেতনা নিয়ে বাংলাদেশ গড়ে উঠেছে। আমরা বাংলাদেশকে সেভাবে গড়ে তুলতে চাই।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সভাপতি এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব শিবলী রুবাইয়াতুল ইসলাম। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.