মাস্টারি বিডি । শিমুল আহসান
প্রতিবেদন । ঢাকা । ০৪ এপ্রিল ২০১৯ । ২১ চৈত্র ১৪২৫
শুভ জন্মদিন – বাঙালির সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সন্জীদা খাতুন। আজ তাঁর ৮৭তম জন্মদিন। তিনি ১৯৩৩ সালের ৪ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। জাতীয় অধ্যাপক ও বিখ্যাত পণ্ডিত ড. কাজী মোতাহার হোসেনের মেয়ে তিনি। তিনি লেখক কাজী আনোয়ার হোসেনের বোন এবং রবীন্দ্রসঙ্গীত বিশেষজ্ঞ ওয়াহিদুল হকের স্ত্রী।

১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে সম্মানসহ স্নাতক এবং ১৯৫৫ সালে ভারতের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর তিনি ১৯৭৮ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ‘রবীন্দ্রসঙ্গীতের ভাবসম্পদ’ গবেষণাপত্রে পিএইচডি ডিগ্রি নেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৯৪ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন।

পাকিস্তানের সামরিক শাসনামলে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উদযাপন এবং রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করার প্রতিবাদের মধ্য দিয়ে বাঙালি জাতিসত্তা বিকাশের আন্দোলনের সূচনা হয়। এটি ১৯৬১ সালের কথা। সেই আন্দোলনের শুরু থেকেই নেতৃত্বে ছিলেন সন্জীদা খাতুন। ছায়ানটের সভাপতির দায়িত্ব পালন করছেন ২০০১ সাল থেকে।

কাজের স্বীকৃতিস্বরূপ সন্জীদা খাতুন অর্জন করেছেন একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বেগম জেবুন্নেছা ও কাজী মাহবুবউল্লাহ জনকল্যাণ ট্রাস্টের স্বর্ণপদক ও সম্মাননা, সা’দত আলী আখন্দ পুরস্কার, অনন্যা পুরস্কার, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সম্মানজনক ফেলোশিপ, বাংলা একাডেমির রবীন্দ্র পুরস্কারসহ নানা গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

এপার ওপার দুই বাংলাতেই সনজীদা খাতুন সমাদৃত তাঁর কীর্তি ও অবদানের জন্য। ফলে,
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় সন্জীদা খাতুনকে তাদের সর্বোচ্চ সম্মান ‘দেশিকোত্তম’ উপাধি দিয়েছে। তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের ‘রবীন্দ্রস্মৃতি পুরস্কার’, কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি পেয়েছেন।

বহুমাত্রিক গুণের অধিকারী সন্জীদা খাতুন লেখক ও সম্পাদক হিসেবেও অত্যন্ত সফল। তার প্রকাশিত উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে- কবি সত্যেন্দ্রনাথ দত্ত, রবীন্দ্রসঙ্গীতের ভাবসম্পদ, ধ্বনি থেকে কবিতা, অতীত দিনের স্মৃতি, রবীন্দ্রনাথ : বিবিধ সন্ধান, ধ্বনির কথা আবৃত্তির কথা, স্বাধীনতার অভিযাত্রা, সাহিত্য কথা সংস্কৃতি কথা, জননী জন্মভূমি, রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ। এছাড়া তিনি ছায়ানটের ত্রৈমাসিক পত্রিকা ‘বাংলাদেশের হৃদয় হতে’র সম্পাদক। তিনি জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য, নালন্দা বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশে ব্রতচারী আন্দোলনের নবযাত্রায় ব্রতচারী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি।
মহীয়সী নারী সনজীদা খাতুন’র জন্মদিনে মাস্টারি বিডি নিউজের পক্ষ থেকে অশেষ শুভেচ্ছা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম