Home / জাতীয় / শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট : ফেরি চলাচলে অচলাবস্থা
shimulia+kanthalbari+mbd

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট : ফেরি চলাচলে অচলাবস্থা

মাস্টারি বিডি ডটকম
মুন্সীগঞ্জ । ০৭ সেপ্টেম্বর ২০১৭ । ২৩ ভাদ্র ১৪২৪

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের নাব্য সংকটের ফেরি চলাচলে প্রায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। আজ বৃহস্পতিবার ২১টি ফেরির মধ্যে ছোট আকারের ৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপারের চেষ্টা চলছে। এখন অল্প পানিতে কমসংখ্যক যান নিয়ে চলাচল করছে ছোট আকারের ফেরি কেতকী, করবী, কিশোরী, কামিনী, কাকলী, ঢাকা, ফরিদপুর ও কুমিল্লা। বাসস

বিআইডব্লিউটিএ ইতোমধ্যে ভারি যানবাহনকে বিকল্প পথে চলাচল করতে নির্দেশনা দিয়েছে। শিমুলিয়ায় শতাধিক যানবাহন পরাপারের অপেক্ষায় রয়েছে। কাঁঠালবাড়ি ঘাটেও একই অবস্থা। পুলিশ ফরিদপুরের ভাঙ্গা এলাকা থেকে কাঁঠালবাড়ি ঘাটমুখী গাড়িগুলোকে ফিরিয়ে দিচ্ছে। অনুরূপ শিমুলিয়া ঘাটেও মাওয়া চৌরাস্তার পর গাড়ি ঢুকতে দেয়া হচ্ছে না। ঘাটের অস্বাভাবিক অবস্থা এড়াতেই এই ব্যবস্থা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ছোট আকারের এবং জরুরি যানগুলোকে যেতে দেওয়া হচ্ছে। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচলে অচলতায় উভয়পাড়েই যানজট আর মানুষের ভোগান্তি। ঈদে কর্মস্থলে ফেরা মানুষের কষ্টের যেন শেষ নেই।

এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসি’র শিমুলিয়া ঘাটস্থ সহকারী মহাব্যবস্থাপক খন্দকার শাহ নেওয়াজ খালিদ জানান, সঙ্কট এত বেশি ঈদে ঘরমুখো মানুষকে বিশেষ সেবা দেয়া তো দূরের কথা স্বাভাবিক সেবাই দেয়া যাচ্ছে না। ঈদের এই সময় অন্যান্য বার এক দিনে ৪ হাজারেরও বেশি যান পার করা হয়েছে। সেখানে বুধবার মাত্র ১৩৪৪টি ছোট যান পার করা হয়েছে।

shimulia+kanthalbari+mbd-2

সরকারের রাজস্ব আসার কথা ছিল একদিনে ৪০ লাখেরও বেশি। কিন্তু বুধবার আয় হয়েছে মাত্র প্রায় ৬ লাখ। বিআইডব্লিউটিসি এখনো যে ফেরিগুলো চালাচ্ছে তা ঝুঁকি নিয়ে চলছে। প্রায়ই ফেরির তলা মাটিতে আটকে যাচ্ছে। এতে ফেরির মারাত্মক ক্ষতি হচ্ছে। তারপরও পরিস্থিতি মোকাবেলায় ফেরিগুলো চালাতে হচ্ছে। প্রাইভেটকার ও মাইক্রোবাসের মতো হালকা যানবাহনসহ যাত্রীদের পারাপার করা হচ্ছে ফেরি দিয়ে। তিনি আরও বলেন, বিআইডব্লিউটিএ ৭টি ড্রেজার দিয়ে পদ্মার তলদেশের পলি অপসারণের কাজ করছে। এখনও চ্যানেলগুলো চলাচলের উপযোগী হয়নি। আরও ২/১দিন লাগবে বলে তারা জানিয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যে সচল করা হবে এ নৌ রুটটি। তবে যাত্রী পারাপারের জন্য ৮৭টি লঞ্চ ও তিন শতাধিক স্পীটবোড চলাচল করছে।

গত বৃহস্পতিবার (৩১ আগস্ট) থেকে পদ্মার পানি ধারাবাহিকভাবে কমতে থাকায় এ রুটে ফেরি চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এখন একরকম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। দিন দিন আরও প্রকট আকার ধারণ করছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.