
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
আন্তর্জাতিক । ২০ মে ২০১৮ । ৬ জ্যৈষ্ঠ ১৪২৪
রকমারি সংবাদ বেগম রোকেয়া সম্মাননা পেলেন কণ্ঠশিল্পী বিন্দিয়া খান। সঙ্গীতে তিনি এ পদক লাভ করেন।
সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু এমপি। অনুষ্ঠানটি ১৪ মে বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
বিন্দিয়ার সঙ্গীত চর্চার শুরুটা সেই শৈশব থেকে। বাবা ওস্তাদ ইয়াসিন খানের কাছে হাতেখড়ি। বাবার হাত ধরেই উচ্চাঙ্গ সংগীতের পাশাপাশি সব ধরনের সঙ্গীতেই পারদর্শী হয়ে ওঠেন বিন্দিয়া। নিয়মিত করছেন আধুনিক ধারার গান।
২০০৮ সালে ভারতীয় বাংলা চ্যানেল জি-বাংলায় ‘সা রে গা মা পা’ গানের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে বিন্দিয়া খান অংশ গ্রহণ করে কুমার শানু, প্রীতমসহ গুণী শিল্পীদের কাছে প্রশংসিত হন।
২০১২ সালে বিন্দিয়ার প্রথম একক এলবাম ‘যাদুর কাঠি’ বাজারে আসে। পরে বেশ কয়েকটি মিক্সড এলবাম রিলিজ হয়।
এরপর হেড মাস্টার ভয়েস (এইচএম ভয়েস)-এর ব্যানারে প্রকাশিত এলবাম ‘গানালাপ’ সিরিজের ৩০টি গানের মধ্যে বিন্দিয়া খান উল্লেখযোগ্য ৬টি গানে কণ্ঠ দেন। প্রায় বিলুপ্ত ‘ঠুমরি’ ধারার একটি গান করেন তিনি। এছাড়া সকালের গান, বৃষ্টির গান, ‘কথা’ সিরিজে ভাষার গান, ‘দেশ’ সিরিজে স্বাধীনতার গান, ‘বৈশাখ’ সিরিজে নববর্ষের গানে কণ্ঠ দেন- যা এইচএম ভয়েস’র মাধ্যমে ইউটিউবে প্রকাশিত হয়েছে। তার এ মৌলিক গানগুলোর কথা লিখেছেন কবি-গীতিকার শেখ নজরুল এবং সুর করেছেন শোয়েব শিবলী। পর্যায়ক্রমে এ গানগুলো এইচএম ভয়েস’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়।

এরপর অজয় মিত্রের সুর ও সংগীতে তার দ্বিতীয় একক এলবাম ‘মিষ্টি কথার ছলে’ প্রকাশিত হয়।
চলচ্চিত্রের গানের পাশাপাশি বাংলাদেশ বেতার, বিটিভিসহ বিভিন্ন চ্যানেল ও মঞ্চে নিয়মিত গান পরিবেশন করে যাচ্ছেন বিন্দিয়া খান।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম