Home / আন্তর্জাতিক / বিশ্বের সেরা ১০ হাসপাতাল
9 7 25 5

বিশ্বের সেরা ১০ হাসপাতাল

ঢাকা, বুধবার ০৯ জুলাই ২০২৫ মাসস

নিজের বা প্রিয়জনের চিকিৎসার জন্য হাসপাতাল বেছে নিতে অনেককেই ঝক্কি পোহাতে হয়। হাসপাতাল বেছে নেওয়ার সিদ্ধান্ত খুব কমই গুরুত্ব দিয়ে দেখা হয়। আবার অনেকেই এ সিদ্ধান্ত নিতে গিয়ে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। বিশ্বমানের চিকিৎসাসেবা কোথায় পাওয়া যায়, সে সম্পর্কে সহজে তথ্য পাওয়া গেলে এ সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়।

গ্লোবাল ডেটা প্ল্যাটফর্ম স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মধ্যে বিশ্বব্যাপী হাসপাতালের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ৯৭৭–এ পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ বিপুলসংখ্যক হাসপাতালের মধ্যে সঠিকটি বেছে নেওয়া কঠিন। কারণ, বেশির ভাগ হাসপাতালই পূর্ণাঙ্গ তথ্য তুলে ধরতে ব্যর্থ হয়।

এ সমস্যা সমাধানে ও রোগীদের সেরা চিকিৎসাসেবা খুঁজে পেতে সহায়তা করতে নিউজউইক ও স্ট্যাটিস্টা যৌথভাবে ২০২৫ সালে বিশ্বের সেরা হাসপাতালগুলোর একটি তালিকা করেছে। তালিকায় ২৫০টি হাসপাতাল আছে। এই তালিকায় বিশ্বের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর পাশাপাশি দেশভিত্তিক সেরা হাসপাতালগুলোর র‍্যাঙ্কিংও আছে। যেন ভিন্ন ভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী তথ্য খুঁজে পাওয়া সহজ হয়।

চলতি বছরের র‍্যাঙ্কিংয়ে ৩০টি দেশের সেরা হাসপাতালগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মধ্যে আছে অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বেলজিয়াম, ব্রাজিল, কানাডা, চিলি, কলম্বিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ভারত, ইসরায়েল, ইতালি, জাপান, মালয়েশিয়া, মেক্সিকো, নেদারল্যান্ডস, নরওয়ে, সৌদি আরব, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র। এসব দেশ নির্বাচন করা হয়েছে বিভিন্ন তুলনামূলক মানদণ্ডে—যেমন জীবনযাত্রার মান, গড় আয়ু, জনসংখ্যার পরিধি, হাসপাতালের সংখ্যা ও তথ্য পাওয়ার সহজলভ্যতার ভিত্তিতে।

চলতি বছর ২ হাজার ৪০০–এর বেশি হাসপাতাল র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। তবে তালিকায় বিশ্বব্যাপী সেরা ২৫০টি হাসপাতালকে আলাদাভাবে তুলে ধরা হয়েছে। সেখান থেকে সেরা ১০টি হাসপাতাল নিয়ে এই আয়োজন—

মায়ো ক্লিনিক, রচেস্টার, মিনেসোটা

মায়ো ক্লিনিক, রচেস্টার, মিনেসোটা
মায়ো ক্লিনিক, রচেস্টার, মিনেসোটাছবি:  মায়ো ক্লিনিকের ওয়েবসাইট থেকে নেওয়া

মায়ো ক্লিনিকের প্রধান ও সবচেয়ে বড় ক্যাম্পাসটি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের রচেস্টার শহরে। হাসপাতালটি মিনিয়াপলিস ও সেন্ট পলের শহর থেকে মাত্র ৯০ মিনিট দক্ষিণে অবস্থিত। বিভিন্ন দেশে থেকে আসা রোগীদের মায়ো ক্লিনিক ১০০ বছরের বেশি সময় ধরে নিরাপদভাবে চিকিৎসাসেবা দিয়ে আসছে।

ক্লিভল্যান্ড ক্লিনিক, ওহাইও

ওহাইওর ক্লিভল্যান্ড ক্লিনিক
ওহাইওর ক্লিভল্যান্ড ক্লিনিকছবি: ক্লিভল্যান্ড ক্লিনিকের ওয়েবসাইট থেকে নেওয়া

বিশ্বের সেরা হাসপাতালের তালিকার ২ নম্বরে আছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড ক্লিনিক। এ হাসপাতাল অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে অবস্থিত। এটি হৃদ্‌রোগের চিকিৎসার জন্য বেশ জনপ্রিয়।

টরন্টো জেনারেল-ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক, কানাডা

টরন্টো জেনারেল-ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক
টরন্টো জেনারেল-ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্কছবি: ফেসবুক থেকে নেওয়া

তালিকার তৃতীয় অস্থানে আছে কানাডার টরন্টো জেনারেল-ইউনিভার্সিটি হেলথ নেটওয়ার্ক। এটি কানাডার শীর্ষস্থানীয় একটি হাসপাতাল। এ হাসপাতালে হৃদ্‌রোগ ও অঙ্গ প্রতিস্থাপনসহ জটিল রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়।

দ্য জনস হপকিনস হাসপাতাল, মেরিল্যান্ড

যুক্তরাষ্ট্রের দ্য জনস হপকিনস হাসপাতাল
যুক্তরাষ্ট্রের দ্য জনস হপকিনস হাসপাতালছবি: হাসপাতালের ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোরে অবস্থিত দ্য জনস হপকিনস হাসপাতাল নিউজউইকের সেরা হাসপাতালের তালিকার চতুর্থ অবস্থানে আছে। ১২৫ বছরের বেশি সময় ধরে দ্য জনস হপকিনস হাসপাতাল রোগনির্ণয় ও চিকিৎসায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এটি জনস হপকিনস ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সঙ্গে যুক্ত একটি হাসপাতাল। এ হাসপাতালের অন্তর্ভুক্ত আছে জনস হপকিনস চিলড্রেনস সেন্টার ও জনস হপকিনস কিমেল ক্যানসার সেন্টার।

ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি হসপিটাল, সুইডেন

সুইডেনের ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি হসপিটাল
সুইডেনের ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি হসপিটালছবি: হাসপাতালের ওয়েবসাইট থেকে নেওয়া

ক্যারোলিনস্কা ইউনিভার্সিটি হসপিটাল সুইডেনের স্টকহোমে অবস্থিত। ইউরোপের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর মধ্যে এটি একটি। এর লক্ষ্য হলো চিকিৎসাসেবা, গবেষণা এবং শিক্ষার উন্নয়ন ও পরিচালনা করা।

ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালছবি: হাসপাতালের ওয়েবসাইট থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল অবস্থিত। হাসপাতালটি নিউজউইকের সেরা হাসপাতালের তালিকার ষষ্ঠ অবস্থানে থাকলেও এটি ইউএস নিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টে (২০২৪-২৫) দেশটির সেরা হাসপাতালের তকমা পেয়েছে।

চ্যারিটি-ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন, জার্মানি

জার্মানির চ্যারিটি-ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন
জার্মানির চ্যারিটি-ইউনিভার্সিটি মেডিসিন বার্লিনছবি: ফেসবুক থেকে নেওয়া

ইউরোপের বৃহত্তম বিশ্ববিদ্যালয় হাসপাতালগুলোর মধ্যে একটি জার্মানির চ্যারিটি-ইউনিভার্সিটি মেডিসিন বার্লিন। এখানে চিকিৎসক ও বিজ্ঞানীরা আন্তর্জাতিক সর্বোচ্চ মানে চিকিৎসা, গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। জার্মানিতে চিকিৎসাবিজ্ঞান ও শারীরবৃত্তীয় বিষয়ে নোবেল পুরস্কার বিজয়ীদের মধ্যে অর্ধেকের বেশি এসেছেন এ প্রতিষ্ঠান থেকেই। তাঁদের মধ্যে রয়েছেন এমিল ফন বেয়ারিং, রবার্ট কখ ও পল এহরলিখ। এ বিশ্ববিদ্যালয় হাসপাতাল বিশ্বব্যাপী একটি উন্নতমানের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।

সেবা মেডিকেল সেন্টার, ইসরায়েল

ইসরায়েলের সেবা মেডিকেল সেন্টার
ইসরায়েলের সেবা মেডিকেল সেন্টারছবি: এএফপি

ইসরায়েলের সেবা মেডিকেল সেন্টার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হাসপাতাল। রামাত গান এলাকায় ১৫০ একর জায়গাজুড়ে অবস্থিত এ ক্যাম্পাসে বিশ্বমানের চিকিৎসাসেবা দেওয়াসহ গবেষণা করা হয়।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ), সিঙ্গাপুর

সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ)
সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল (এসজিএইচ)ছবি: ফেসবুক থেকে নেওয়া

সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল একটি প্রযুক্তিনির্ভর, শিক্ষা ও গবেষণাকেন্দ্র হিসেবে সারা বিশ্বে পরিচিত। এশিয়ার সেরা হাসপাতালগুলোর মধ্যে এটি শীর্ষে অবস্থান করছে। এটি সিঙ্গাপুরের বৃহত্তম টারশিয়ারি বা তৃতীয় স্তরের হাসপাতাল।

১০

ইউনিভার্সিটি হাসপাতাল জুরিখ, সুইজারল্যান্ড

সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি হাসপাতাল জুরিখ
সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি হাসপাতাল জুরিখছবি: হাসপাতালের ওয়েবসাইট থেকে নেওয়া

নিউজউইকের সেরা হাসপাতালের তালিকার ১০ নম্বরে আছে সুইজারল্যান্ডের জুরিখ শহরের ইউনিভার্সিটি হাসপাতাল জুরিখ (ইউএসজেড)। এটি সুইজারল্যান্ডের অন্যতম বৃহৎ এবং শীর্ষস্থানীয় চিকিৎসাকেন্দ্র। প্রাথমিক সেবা থেকে শুরু করে আন্তর্জাতিক মানের সর্বাধুনিক চিকিৎসাসেবা দেওয়া হয় এ হাসপাতালে।

সৌজন্যে : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …