মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
আন্তর্জাতিক ডেস্ক | ঢাকা | ২৪ মে ২০১৯ | ১০ জ্যৈষ্ঠ ১৪২৬
ভারতের নির্বাচনে বিশাল জয় পাওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ভারতকে একটি সার্বজনীন রাষ্ট্র হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এদিকে বিশ্বের গণতন্ত্রে সবচেয়ে বড় এই নির্বাচনে বিশাল জয় পাওয়ায় বিশ্বব্যাপী মোদির প্রশংসা করা হচ্ছে। খবর এএফপি’র।
মোদি তার ডানপন্থী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) দেশব্যাপী আনন্দ উদযাপনের মধ্যে ঘোষণা দেন, ‘আমরা একসাথে বেড়ে উঠছি, আমরা একসাথে উন্নতিসাধন করছি। আমরা একসাথে একটি শক্তিশালী ও সার্বজনীন রাষ্ট্র হিসেবে ভারতকে গড়ে তুলবো। ভারত আবারো জিতেছে!’
৬৮ বছর বয়সী এ নেতা বিজেপির সদরদপ্তরে আসলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় তিনি বিজয়সূচক ‘ভি’ চিহ্ন দেখান। তখন সেখানে হাজার হাজার সমর্থক উপস্থিত ছিল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ‘বড়’ বিজয়ে মোদিকে অভিনন্দন জানিয়েছেন। টুইটার বার্তায় তিনি এ অভিনন্দন জানান। তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী মোদি ফের ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্বের জন্য অনেক ভাল হয়েছে।’
পররাষ্ট্র মন্ত্রণালরয় জানায়, এমন কি চূড়ান্ত ফলাফল ঘোষণা করার আগেই বিশ্বের অন্যান্য নেতার মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মোরিসন এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোদিকে টেলিফোন করেন।
এদিকে আরো বেশি ক্ষমতা নিয়ে ভারত প্রধানের আসনে আসীন থাকার সংবাদটি ভারতের দৈনিক বর্তমান বিশ্বনেতাদের মুখে মোদির জয়জয়কার শিরোনামে পরিবেশন করেছে এভাবে-
ভোটগণনায় বৃহস্পতিবার বেলার দিক থেকেই মোটামুটি বোঝা গিয়েছিল, ফের বিজেপি তথা নরেন্দ্র মোদি সরকারই ক্ষমতায় আসতে চলেছে। বেলা যত গড়িয়েছে, ততই সেই সম্ভাবনা আরও প্রকট হয়েছে। আর ভারতের লোকসভা নির্বাচনের এই ফলাফল দেখে প্রতিবেশী নানা দেশের রাষ্ট্রনেতারা নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান। তার পাশাপাশি তাঁদের মুখে মোদির জয়জয়কারও শোনা গিয়েছে। চীনের প্রেসিডেন্ট জি জিনপিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে শুভেচ্ছা জানান। তিনি বলেন, আগামী দিনে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নয়া উচ্চতায় পৌঁছবে। দুই দেশের উন্নয়নমূলক অংশীদারিত্বে মোদির সঙ্গে কাজ করার জন্য তিনি বিশেষ আগ্রহী বলে জানান। একইভাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও বন্ধু মোদিকে শুভেচ্ছা জানান। তিনি আশাপ্রকাশ করে বলেন, ‘আমি নিশ্চিত যে আমাদের সঙ্গে ভারতের শতাব্দীপ্রাচীন বন্ধুত্বকে আরও শক্তিশালী করতে আপনি যথার্থ উদ্যোগ নেবেন।’ আবার ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মোদির উদ্দেশে বলেন, ‘প্রিয় বন্ধু, আপনার এহেন বিপুল জয়ের জন্য শুভেচ্ছা। নির্বাচনের ফলাফল এটা প্রমাণ করল যে মানুষ আপনার নেতৃত্বকে পুনরায় সমর্থন করেছে। ভারত এবং ইজরায়েলের বন্ধুত্বকে আরও শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যেতে আগামী দিনে আমরা একইভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।’ প্রসঙ্গত, এদিন নেতানিয়াহুই মোদিকে সর্বপ্রথম শুভেচ্ছা জানান। তিনি হিন্দি, হিব্রু এবং ইংরেজিতে শুভেচ্ছাবার্তা ট্যুইট করেন। মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানও। তিনি বলেন, ‘নির্বাচনে বিজেপি এবং তার জোটসঙ্গীদের জয়ের জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানাই। আগামী দিনে দক্ষিণ এশিয়ার শান্তি প্রক্রিয়ায় মোদির সঙ্গে কাজ করতে আমি বিশেষ আগ্রহী।’ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শুভেচ্ছা জানিয়েছেন মোদিকে। তিনি বলেন, ‘মানুষের এই রায় এটা প্রমাণ করল যে, তাঁরা আপনার উপরই বিশ্বাস এবং আস্থা রেখেছেন।’

এদিন মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপাল সিরিসেনা, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিঙ্ঘে এবং সেদেশের প্রধান বিরোধী নেতা মাহিন্দা রাজাপাকসেও। সিরিসেনা ট্যুইটে বলেন, ‘আপনার (মোদি) জয়ের জন্য শুভেচ্ছা। মানুষ আপনার নেতৃত্বে ভরসা রেখেছে।’ একইভাবে বিক্রমসিঙ্ঘে এবং রাজাপাকসেও মোদির নেতৃত্বের প্রশংসা করে তাঁকে শুভেচ্ছা জানান। এছাড়া নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি মোদিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ভবিষ্যতে তিনি মোদির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান। তিনি ট্যুইটে বলেন, ‘২০১৯ লোকসভা নির্বাচনে বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে হার্দিক অভিনন্দন। আগামী দিনেও তাঁর এরকম সাফল্য কামনা করি। ভবিষ্যতে তাঁর সঙ্গে কাজ করতে আমরা বিশেষ আগ্রহী।’ এছাড়া মোদিকে শুভেচ্ছা জানান আফগান প্রেসিডেন্ট আশরফ ঘানি এবং ভুটানের প্রধানমন্ত্রী লোতে শেরিংও।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম