মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ ডিসেম্বর ২০১৬ । ১৪ পৌষ ১৪২৩
দেশে এই প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ও উসবমুখর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এখন চলছে গণনা ।
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ ভোটগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় সংবাদমাধ্যমকে বলেন, সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত জেলা পরিষদ নির্বাচনে দেশের বিভিন্ন ভোটকেন্দ্রে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। ভোটার অল্প তাই কিছুক্ষণের মধ্যেই আশা করি নির্বাচনের ফলাফল চলে আসবে। সংবাদ বাসস-এর।
তিনি বলেন, কোথাও থেকে কোন গোলযোগ বা অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। কোন কেন্দ্র স্থগিত হয়নি।
তিনি বলেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কমিশন সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল। প্রতি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিয়োগ, পর্যাপ্ত আইন-শৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন এবং ভোটার, নির্বাচন কর্মকর্তা, পোলিং অফিসারসহ ভোট কেন্দ্রের ভেতরে মোবাইল ও ইলেক্ট্রনিক্স ডিভাইস ছাড়া প্রবেশের ব্যবস্থা করা হয়েছিল। আইনশৃংখলা রক্ষায় কমিশন গৃহীত পদক্ষেপ ও ব্যবস্থাগুলো অত্যন্ত কার্যকর হয়েছে। সুশৃংখল পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মোহাম্মদ আব্দুল্লাহ জানান, প্রধান নির্বাচন কমিশনারসহ তিনি রাজধানীর আগারগাঁও এবং আজিমপুর গার্লস স্কুল কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোটাররা শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে ভোট দিয়েছে।
তিন পার্বত্য জেলা ছাড়া ৬১ জেলায় জেলা ও উপজেলায় স্থাপিত ভোট কেন্দ্রে দেশের প্রথম জেলা পরিষদের নির্বাচনে ভোট দিয়েছেন জনপ্রতিনিধিরা।
২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচন হচ্ছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে। জেলায় অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন (যদি থাকে), উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।
ইতোমধ্যে ২২টি জেলায় একক প্রার্থী থাকায় চেয়ারম্যান পদে ২২জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন চেয়ারম্যান পদে ৪১জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ সদস্য পদে ২ হাজার ৯৮৫ জন ও সংরক্ষিত সদস্য পদে ৮০৫ জন প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। সাধারণ সদস্য ১৩৯ ও সংরক্ষিত সদস্য পদে ৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এ হিসাবে স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৬৭ হাজার নির্বাচিত প্রতিনিধি এই নির্বাচনে ভোটার। এরমধ্যে সবচেয়ে বেশি ভোটার ইউনিয়ন পরিষদে। দেশের প্রায় ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদে গড়ে ১৩ জন করে প্রায় ৬০ হাজারের মতো নির্বাচিত প্রতিনিধি রয়েছে। একইভাবে ৪৮৮টি উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি রয়েছে প্রায় দেড় হাজার। ৩২০টি পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি রয়েছে সাড়ে ৫ হাজার এবং ১১টি সিটি কর্পোরেশনে প্রায় সাড়ে ৫শ’ নির্বাচিত প্রতিনিধি রয়েছেন, যারা জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম