মাস্টারি বিডি ডটকম
রংপুর । ২৬ অক্টোবর ২০১৬ । ১১ কার্তিক ১৪২৩
বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য বাঙালির হৃদয়ে চির স্মরণীয় হয়ে থাকবেন কবি জীবনানন্দ দাশ ও কবি শামসুর রাহমান।
সোমবার সন্ধ্যায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংগঠন ‘রণন’ আয়োজিত কবিতা আবৃত্তি ও আলোচনা অনুষ্ঠানে বক্তারা এই মন্তব্য করেন।
সংগঠনের এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. তুহিন ওয়াদুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. শফিক আশরাফ, ড. নিত্য ঘোষ ও কায়সার আলম মূল আলোচক হিসেবে আলোচনায় অংশ নেন।
এতে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহসেনা মুক্তা, রওশন, হাবিব ও সোহেল কবি জীবনানন্দ দাশ ও কবি শামসুর রাহমানের কবিতা থেকে আবৃত্তি করেন।
বক্তারা বলেন, কবি জীবননান্দ দাশ ও কবি শামসুর রাহমান তাদের সাহিত্যকর্ম দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে সমৃদ্ধি করেছেন। তাদের রচনায় প্রকৃতি ও মানব সমাজের আনন্দ-বেদনা ও দার্শনিক দিক চমৎকারভাবে ফুটে উঠেছে।
শফিক আশরাফ বলেন, প্রকৃতিকে কিভাবে দেখতে হয়, কিভাবে গভীর পর্যবেক্ষণ ও অনুভব করতে হয় জীবনানন্দ দাশ তা সঠিকভাবে মানুষকে দেখিয়ে গেছেন।
কায়সার আলম বলেন, শামসুর রাহমানের সাহিত্য কর্মে দেশপ্রেমই মূল শক্তি হিসেবে উঠে এসেছে।
ড. তুহিন ওয়াদুদ তার বক্তব্যে কবি জীবনানন্দ দাশ ও কবি শামসুর রাহমানের আদর্শ ও দর্শন অনুসরণ করে বাংলা সাহিত্যকে আবারও সমৃদ্ধ করার জন্য কবি, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রতি আহ্বান জানান।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম