মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ মার্চ ২০১৭ । ০৪ চৈত্র ১৪২৩
আগামীকাল রোববার বিশিষ্ট কবি আবু জাফর ওবায়দুল্লাহ’র ১৬তম মৃত্যুবার্ষিকী।
দিবসটি উপলক্ষে কবির গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জের বাহেরচর গ্রামে কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পাঠাগারের উদ্যোগে দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকায় কবির আত্মীয়-স্বজন ও পরিবারের পক্ষ থেকেও দোয়া-মিলাদ মাহফিল ও অনুষ্ঠানের আয়োজন করেছে।
কবি আবু জাফর ওবায়দুল্লাহ ১৯৩৪ সালের ৮ ফেব্রুয়ারি বরিশালে জন্মগ্রহণ করেন। কিশোর বয়স থেকেই তার কবিতা লেখা শুরু। ছাত্র জীবনে তিনি আকৃষ্ট হয়েছেন বামপন্থী রাজনীতির দিকে। বায়ান্ন’র একুশেতে ১০জন ১০জন করে মিছিলে ১৪৪ ধারা ভঙ্গ করা হয়। এর একটি মিছিলের সামনে ছিলেন তিনি। পুলিশ তাদের ট্রাকে তুলে নিয়ে ঢাকার বাইরে রেখে এসেছিল। সেই ভাষা আন্দোলনের শহীদদের স্মরণেই বাংলা কবিতায় তার স্পর্ধিত আত্মপ্রকাশ ঘটেছিল ‘মাগো, ওরা বলে’ কবিতায়।
তার কবিত্বশক্তি লক্ষ করে স্তম্ভিত হয়েছেন সমসাময়িক কবিরা। আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তীর কথা বলছি’ পড়ে এদেশের প্রধান কবি শামসুর রাহমান নিঃসংকোচে বলেছিলেন, ‘তিনি যদি আর কোন কবিতা নাও লিখেন তবুও তিনি অবিস্মরণীয় হয়ে থাকবেন একজন শক্তিশালী কবি হিসেবে’। আর পশ্চিম বাংলার অন্যতম প্রধান কবি শক্তি চট্টোপাধ্যায়ের মন্তব্য ছিল, ‘এমন কবিতা বাংলা ভাষায় লেখা সম্ভব সেটা আমার জানা ছিল না।’
ইংরেজি সাহিত্যের একজন মেধাবী ছাত্র আবু জাফর ওবায়দুল্লাহ এমএ পরীক্ষার ফল প্রকাশের আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ পান। টেকনোক্রেট মন্ত্রী হিসেবে এদেশের কৃষি ব্যবস্থাপনার অবকাঠামো গড়ে তোলেন তিনি।
কাব্যের আঙ্গিক গঠনে এবং শব্দ যোজনার বিশিষ্ট কৌশল তাঁর স্বাতন্ত্র্য চিহ্নিত করে। তিনি লোকজ ঐতিহ্যের ব্যবহার করে ছড়ার আঙ্গিকে কবিতা লিখেছেন। প্রকৃতির রূপ ও রঙের বিচিত্রিত ছবিগুলো তাঁর কবিতাকে মাধুর্যমণ্ডিত করেছে। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ- সাতনরী হার (১৯৫৫), কখনো রং কখনো সুর (১৯৭০), কমলের চোখ (১৯৭৪), আমি কিংবদন্তির কথা বলছি (১৯৮১), সহিষ্ণু প্রতীক্ষা (১৯৮২), প্রেমের কবিতা (১৯৮২), বৃষ্টি ও সাহসী পুরুষের জন্য প্রার্থনা (১৯৮৩), আমার সময় (১৯৮৭), নির্বাচিত কবিতা (১৯৯১), আমার সকল কথা (১৯৯৩), মসৃণ কৃষ্ণ গোলাপ প্রভৃতি।
সাহিত্যে অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক ও অন্যান্য অনেক পুরস্কার লাভ করেন।
২০০১ সালের ১৯ মার্চ, এই যশস্বী কবির মৃত্যু হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম