মাস্টারি বিডি ডটকম
ঢাকা ০২ অক্টোবর ২০১৬ । ১৭ আশ্বিন ১৪২৩
সাতজন এশীয় নির্মাতার চলচ্চিত্র নিয়ে আগামী ৩ ও ৪ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে চলবে দুই দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসব।
‘দেশীয় পর্দায় এশীয় চলচ্চিত্র’ এই স্লোগান নিয়ে এ উৎসবে এশিয়ার সমসাময়িক সাতটি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
এই উৎসবের আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমসিজে ফিল্ম ক্লাব। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত এবং টিকেট মূল্য মাত্র ২০ টাকা। উৎসবটি চলবে সকাল ১১টা থেকে রাত ৯:৪৫ পর্যন্ত।
আগামীকাল সোমবার সকাল ১১ টায় উৎসবের উদ্বোধনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মফিজুর রহমান। উৎসবের উদ্বোধন করবেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী অভিনেতা নায়করাজ রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট অভিনেত্রী সারাহ বেগম কবরী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ । অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন ক্লাবটির বর্তমান মডারেটর ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে এমসিজে ফিল্ম ক্লাব প্রকাশিত স্যুভেনির ‘এশীয় চলচ্চিত্র পাঠ’-এর মোড়ক উন্মোচন করা হবে।
সোমবার প্রদর্শিত হবে ‘হাউজ অফ ফ্লাইং ড্যাগার্স’ (চীন) দুপুর ১:৩০ মি., ‘থ্রি আয়রন’ (দক্ষিণ কোরিয়া) বিকাল ৪ টা এবং ‘পিকে’ (ভারত) সন্ধ্যা ৬:৩০ মি.।
মঙ্গলবার থাকছে ‘ইন দ্যা মুড ফর লাভ’ (হংকং) সকাল ১১ টা, ‘আ সেপারেশন’ (ইরান) দুপুর ১:৩০ মি., ‘স্পিরিটেড অ্যাওয়ে’ (জাপান) বিকাল ৪ টা এবং ‘রানওয়ে’ (বাংলাদেশ) ৬:৩০ মি.।
প্রদর্শনী শুরুর পূর্বে টিএসসি থেকে টিকেট সংগ্রহ করা যাবে। তবে অনালাইনে টিকেটচাইডটকমে অগ্রিম টিকেট পাওয়া যাচ্ছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম