মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ আগস্ট ২০১৭ । ১৯ শ্রাবণ ১৪২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক মানবকল্যাণ ও সত্য প্রতিষ্ঠার লক্ষ্যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান।
উপাচার্য বলেন, গণমাধ্যমে সত্যের অপলাপ ও ফরমায়েশি সাংবাদিকতা কাম্য নয়। অপসাংবাদিকতা সমাজ, দেশ তথা মানব সভ্যতাকে কলুষিত করে। শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, তাঁর ঐতিহাসিক ৭মার্চের ভাষণে যোগাযোগের সকল তত্ত্বের প্রয়োগ ছিল। বন্ধবন্ধুর আদর্শ অনুসরণের মাধ্যমে সত্যনিষ্ঠ ও পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল “সত্যের সন্ধানে ব্রতী, সদা জাগ্রত আমরা”। সংবাদ বাসস-এর।
বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমান সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে “জনগণের সঙ্গে বঙ্গবন্ধুর মিথস্ক্রিয়া : মাধ্যম ও প্রতিপাদ্য” শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক সৈয়দ বদরুল আহসান।
এছাড়া, অনুষ্ঠানে বিভাগের প্রবীণ অধ্যাপক ড. সাখাওয়াত আলী খান, অধ্যাপক ড. গোলাম রহমান, অধ্যাপক আখতার সুলতানা, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন ও কাজী রওনক হোসেন বক্তব্য রাখেন।
এদিকে দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের যাত্রা শুরু হয়।
মূল প্রবন্ধে সাংবাদিক সৈয়দ বদরুল আহসান বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন গণমাধ্যম বান্ধব মহান রাজনৈতিক নেতা ছিলেন। তিনি সাংবাদিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করতেন। কারো সঙ্গে তিনি রুঢ় আচরণ করেননি। তাঁর বিরুদ্ধে যারা কলম ধরেছিলেন, তাদেরকেও তিনি অসম্মান করেননি।
অনুষ্ঠানে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া, পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম