Home / খেলা / আবাহনীকে হারিয়ে অঘটনের জন্ম দিল ফরাশগঞ্জ
abahani+Vs+farashganj+mbd

আবাহনীকে হারিয়ে অঘটনের জন্ম দিল ফরাশগঞ্জ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ আগস্ট ২০১৭ । ১৯ শ্রাবণ ১৪২৪

আবাহনীকে হারিয়ে বিপিএলে প্রথম অঘটনের জন্ম দিয়েছে ফরাশগঞ্জ স্পোর্র্টিং ক্লাব। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচে তৌহিদুর জামান লিটনের দেয়া গোলে ১-০ ব্যবধানে জয়লাভ করে পুরনো ঢাকার দল ফরাশগঞ্জ। ম্যাচের ৭৮তম মিনিটে জয়সূচক গোলটি করেন লিটন। সংবাদ বাসস-এর।

প্রচন্ড বৃষ্টির কারণে এমনিতেই কর্দমাক্ত হয়ে পড়েছিল বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠটি। ফলে শুরু থেকেই স্বাভাবিক নৈপুণ্য দেখাতে ব্যর্থ হয় অংশগ্রহণকারী ক্লাব দুটির খেলোয়াড়রা। প্রথমার্ধে কোন দলই উল্লেখযোগ্য আক্রমণ রচনা করতে পারেনি। ম্যাচের ৩৬তম মিনিটে আবাহনীর একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। ৪২তম মিনিটে আরো একটি ব্যর্থ আক্রমণ রচনা করেছিল ধানমন্ডির ক্লাবটি। এসময় অবশ্য প্রতিআক্রমণ থেকে গোলের সম্ভাবনা জাগালেও বারবার ফিনিশারের অভাবে ডি বক্স থেকে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে আবু ইউসুফের শিষ্যদের। ফলে গোল শূন্য ড্র নিয়েই প্রথমার্ধের বিরতিতে যায় দল দুটি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল করার জন্য মরিয়া হয়ে ওঠে আবাহনী। তাদের যথারীতি প্রতিহত করার পাশাপাশি প্রতিআক্রমণ চালাতেও পিছপা ছিলনা ফরাশগঞ্জ। তবে কাদাযুক্ত মাঠে কোন দলই সুবিধা করতে পারছিল না।

abahani+Vs+farashganj+mbd-2
ম্যাচের ৫৩ মিনিটে দারুণ একটি গোলের সুযোগ হাতছাড়া করে আবাহনী। নাইজেরিয়ান ফরোয়ার্ড এমেকা ডারলিংটনের কাটব্যাক থেকে বল পেয়ে ইমন দুর্বল শট নিলে গোলমুখে সেটি আটকে দেয় ফরাশগঞ্জের এক ডিফেন্ডার। ফিরতি বলে নাসিরুদ্দিন চৌধুরীর জোরালো শট সাইটবারে লেগে ফিরে আসলে কপাল পুড়ে আবাহনীর।

ম্যাচের ৭৭ মিনিটে প্রতিআক্রমণে যায় ফরাশগঞ্জ। এসময় বক্সের বাইরে থেকে আসা বল রায়হান হাসানের মাথায় লেগে গোলরক্ষক সহিদুল আলমের সামনে পড়ে। টুটুল হোসেন বাদশা বল ক্লিয়ার করতে গেলে ডি বক্সে বল পেয়ে যান তৌহিদুর জামান লিটন। ৭৮তম মিনিটের সময় ফাঁকা পোষ্টে বল ঠেলে দিয়ে ফরাশগঞ্জকে আনন্দে ভাসান এ ফরোয়ার্ড (১-০)।

ম্যাচের ইনজুরি টাইমে অবশ্য ফরাগঞ্জের জালে বল পাঠিয়েছিল আবাহনী। তবে এর আগেই অফসাইডের পতাকা তুলে দেন সহকারী রেফারি। ফলে সমতায় ফেরা হয়নি তাদের।
আবাহনী প্রথম ম্যাচে ৩-২ গোলে সাইফ স্পোর্টিং ক্লাবকে পরাজিত করেছিল। আর নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে চট্টগ্রাম আবাহনীর কাছে হার মেনেছিল ফরাশগঞ্জ।

আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল ৫ টায় প্রথম ম্যাচে টিম বিজেএমসির মোকাবেলা করবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সন্ধ্যা সোয়া ৭ টায় একই মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হবে চট্টগ্রাম আবাহনী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.