Home / জাতীয় / রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৮০ : মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা
bhumidhas+hill+dies+80+mbd

রাঙামাটি, বান্দরবান, চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৮০ : মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ জুন ২০১৭ । ৩০ জৈষ্ঠ্য ১৪২৪

গত কয়েক দিনের টানা বর্ষণে পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামে পাহাড় ধসে ৮০ জন নিহত হয়েছেন।

এর মধ্যে রাঙামাটিতে সেনা কর্মকর্তাসহ ৪৭ জন, বান্দরবানে ৬ জন এবং চট্টগ্রামে ২৭ জন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কারণ এখনও মাটির নিচে অনেকের লাশ চাপা পড়ে আছে।

সোমবার মধ্য রাত থেকে আজ মঙ্গলবার পর্যন্ত প্রাণহানির এ ঘটনা ঘটেছে।
রাঙামাটি শহর ও বিভিন্ন উপজেলায় প্রবল বর্ষণের ফলে পাহাড় ধসে কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ মানজুরুল মান্নান সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, রাঙামাটি সদরে দুই সেনা কর্মকর্তা ও দুই সেনা সদস্যসহ ২০ জন, কাপ্তাইয়ে ১৩ জন ও কাউখালীতে ১২ জন, বিলাইছড়িতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। রাঙামাটি সদর হাসপাতালে আহত ৫৬ জন ভর্তি রয়েছেন।

bhumidhas+hill+dies+80+mbd-3

বলাবাহুল্য পাহাড় ধসে হতাহতের সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে রাঙামাটি জেলায়। জেলার মানিকছড়িতে একটি সেনা ক্যাম্পের কাছে পাহাড় ধসের ঘটনায় উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে ফের ধসে নিহত হয়েছেন দুই কর্মকর্তাসহ চার সেনা সদস্য।

এছাড়া আরও দশজন আহত হয়েছেন এবং একজন নিখোঁজ রয়েছেন বলে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রাশিদুল হাসান জানিয়েছেন।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, পাহাড় ধসের কারণে ওই এলাকায় সড়কপথে যোগাযোগ করা যাচ্ছে না। আবহাওয়া অনুকূল না থাকায় হেলিকপ্টারও নামানো যাচ্ছে না। আপাতত স্থানীয়ভাবে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতরা হলেন- সেনাবাহিনীর মেজর মাহফুজুল হক, ক্যাপ্টেন তানভীর সালাম শান্ত, করপোরাল আজিজ ও সৈনিক শাহীন।

bhumidhas+hill+dies+80+mbd-2

আজ বিকালে ঢাকায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মানিকছড়ির নিহত সেনাসদস্যদের পরিচয় তুলে ধরেন।

তিনি বলেন, দুপুর পর্যন্ত মোট ৩৯ জনের মৃত্যুর খবর মন্ত্রণালয়ে এসেছে, তাদের মধ্যে ৩৩ জন পাহাড়ে বাসবাসকারী। অনেকেই মাটিচাপা পড়ে আছেন। সেনাবাহিনী উদ্ধার কাজ চালাচ্ছে। ১৮টি আশ্রয়কেন্দ্র খুলে চার থেকে সাড়ে ৪ হাজার মানুষকে সেখানে রাখা হয়েছে।

bhumidhas+hill+dies+80+mbd-4

নিয়ম ভেঙে পাহাড় কাটা এবং পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসের কারণে প্রতিবছর বর্ষা মৌসুমেই হতাহতের ঘটনা ঘটে। বিগত বছরগুলোর কিছু চিত্র :

** ২০০৭ সালের ১১ জুন চট্টগ্রামের সাতটি স্থানে মাটিচাপায় ১২৭ জনের মৃত্যু হয়

** ২০০৮ সালের ১৮ অগাস্ট চট্টগ্রামের লালখান বাজার মতিঝর্না এলাকায় পাহাড় ধসে চার পরিবারের ১২ জনের মৃত্যু হয়।

** ২০১১ সালের ১ জুলাই চট্টগ্রামের টাইগার পাস এলাকার বাটালি হিলের ঢালে পাহাড় ও প্রতিরক্ষা দেয়াল ধসে ১৭ জনের মৃত্যু হয়।

** ২০১২ সালে ২৬-২৭ জুন চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও সিলেটে ৯৪ জনের প্রাণহানি ঘটে।

** ২০১৫ সালের ২৬-২৭ জুন টানা বর্ষণ, ধস আর পাহাড়ি ঢলে কক্সবাজারে ১৯ জনের মৃত্যু হয়।

চট্টগ্রাম অফিস জানায়, পাহাড় ধসে চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে মোট ২৭ জন নিহত হয়েছে। আর মঙ্গলবার ভোরে চট্টগ্রামের চন্দনাইশ ও রাঙ্গুনিয়া উপজেলায় পাহাড় ধসে এক শিশুসহ ২৭ জন নিহত হয়। এখনও নিখোঁজ রয়েছে একজন। এর মধ্যে রাঙ্গুনিয়াতেই নিহত হয় ১৯ জন।

bhumidhas+hill+dies+80+mbd-1

বান্দরবান থেকে সংবাদদাতা জানান, টানা বর্ষণে বান্দরবানের কালাঘাটা এলাকায় তিনটি স্থানে পাহাড় ধসে পড়েছে। এতে তিন শিশুসহ ৬ জন প্রাণ হারিয়েছে। নিখোঁজ রয়েছে আরও ২ জন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ঢাকা থেকে উদ্ধার তৎপরতার খোঁজ-খবর নিচ্ছেন। প্রশাসনের সব কর্মচারীর ছুটিও বাতিল করা হয়েছে।

সূত্র : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.