Home / জাতীয় / আইভীকে আটকে অভিযান, পুলিশকে ঘিরে ধরেছেন সমর্থকরা
9 5 25 1

আইভীকে আটকে অভিযান, পুলিশকে ঘিরে ধরেছেন সমর্থকরা

ঢাকা, শুক্রবার ০৯ মে ২০২৫ মাসস

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে আটকে অভিযান পরিচালনা করেছে পুলিশ। আইভীর বাড়িতে অভিযানের খবরে সড়কে নেমে দেওভোগ এলাকা অবরুদ্ধ করে রেখেছেন তার কর্মী-সমর্থকরা।

বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার।

তিনি বলেন, ‘আইভীর বিরুদ্ধে বিভিন্ন থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় একাধিক হত্যা ও হত্যাচেষ্টা মামলা রয়েছে।’এসপি বলেন, ‘তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যেই পুলিশ বাসায় অভিযান চালাচ্ছে। তবে এখনো পর্যন্ত তাকে আটক করা সম্ভব হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।
জানা গেছে, রাতে আইভীকে আটক করতে নারায়ণগঞ্জ সদর থানার পুলিশের একটি দল দেওভোগ এলাকায় অবস্থিত আইভীর বাসভবন চুনকা কুটিরে প্রবেশ করে। এ সময় পুলিশের অভিযানের খবরে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ সদস্যরাও বাড়ির ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।এ সময় আইভীর বাড়ির প্রবেশ পথের দুই রাস্তায় বাঁশ, ঠেলাগাড়ি, ভ্যানগাড়ি ফেলে অবরুদ্ধ করে রাখে স্থানীয়রা।
আশপাশের এলাকার মসজিদের মাইকে ঘোষণা দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে পুলিশের বেশ কয়েকটি গাড়ি আইভীর বাড়ির সামনে আসে। পুলিশ সদস্যরা বাড়ির ভেতর প্রবেশ করার পরেই স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে রাস্তা অবরোধ করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ এখনো আইভীর বাড়িতে অবস্থান করছে। আইভীও ওই বাড়িতে আছেন বলে জানা গেছে।

সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 26 8888

হারলো পাকিস্তান

ঢাকা, মঙ্গলবার ১২ মে ২০২৬ মাসস টেস্ট ক্রিকেটের মজা বোধহয় এমনই হয়। চার দিন ধরে খেলা …