মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ০৯ আগস্ট ২০১৯ | ২৫ শ্রাবণ ১৪২৬
বর্ষব্যাপ্ত ফুল সোনাপাতি…
হলুদ রঙের অত্যন্ত সুন্দর এ ফুলটির নাম সোনাপাতি ফুল। কেউ কেউ একে চন্দ্রপ্রভা নামেও ডাকে। গ্রীষ্ম বা বর্ষায় ডালের আগায় বড় বড় থোকায় ফোটে এই ফুল।

সোনাপাতি ফুলটির বৈজ্ঞানিক নাম Tecoma stans। ইংরেজি নাম অনেকগুলো— এরমধ্যে টেকোমা Tecoma, ইয়েলো ট্রাম্পেটবাশ Yellow trumpet, ইয়েলো বেলস Yellow bells, ইয়েলো এলডার Yellow-Elder উল্লেখযোগ্য। স্প্যানিশদের দেওয়া নাম ইস্পেরানজা। যার অর্থ হচ্ছে ‘আশা’।

এ ফুলের আদি নিবাস আমেরিকা। যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডের অফিসিয়াল ফুল আর বাহামার পুষ্পপ্রতীকে এই ফুলের ব্যবহার হয়। এই ফুল গাছ এখন আমাদের দেশেও ব্যাপকভাবে রোপণ করা হচ্ছে।

এই ফুলের গাছ চিরসবুজ। মাথা কিছুটা ছড়ানো। পাতা যৌগিক ও ভল্লাকার, কিনারা খাঁজকাঁটা। দল ফানেলের আকার। ডালের আগায় বড় বড় থোকায় হলুদ রঙের ফুল ফোটে। দেখতে অনেকটা হলুদ ঘণ্টার মতো। গ্রীষ্ম, বর্ষা ও হেমন্তে ফুটলেও প্রায় সারা বছরই পাওয়া যায়। সোনাপাতি ঝোপালো গাছ।

সোনাপাতি ফুলটির অক্লান্ত প্রস্ফুটন ও কাঁচা সোনারং এর জনপ্রিয়তার প্রধান কারণ। উদ্যানসজ্জায় কিংবা পথপাশের শোভা বাড়িয়ে তুলতে সোনাপাতি অতুলনীয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম