মাস্টারি বিডি । শিমুল আহসান
জাতীয় । ঢাকা । ২১ এপ্রিল ২০১৯ । ০৮ বৈশাখ ১৪২৬
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রুনাই দারুসসালামের সুলতান হাজী হাসানাল বলকিয়ার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে আজ রোববার বিকেলে বন্দর সেরি বেগাবানে পৌঁছলে বিমান বন্দরে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীগণ স্থানীয় সময় বিকেল ২ টা ৩৫ মিনিটে ব্রুনাইর রাজধানীর বন্দর সেরি বেগাবান বিমান বন্দরে অবতরণ করেন।
বিমান বন্দরে ব্রুনাইয়ের যুবরাজ হাজী আল মুহতাদী বিল্লাহ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশের হাইকমিশনার এয়ার ভাইস মার্শাল (অব.) মাহমুদ হুসেইন উপস্থিত ছিলেন।
রয়েল গার্ডে’র একটি বিশেষ দল বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী যুবরাজকে সঙ্গে নিয়ে একটি সুসজ্জিত মঞ্চ থেকে অভিবাদন গ্রহণ করেন। এ সময় দু’দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন করেন।
বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে এম্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবে নেয়া হয়।
সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী হোটেলটির ইন্দেরা সামুদেরা বলরুমে ব্রুনাই প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত সংবর্ধনায় যোগ দেন। পরে তিনি ব্রুনাইয়ে বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত নৈশভোজে যোগ দেন।

আগামীকাল সোমবার সকালে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ের সুলতান হাজী হাসানাল বলকিয়ার সরকারি বাসভবন ইস্তানা নূরুল ইমানে চেরাদি লায়লা কেনচানায় সুলতান ও রাজকীয় পরিবারের সদস্যবর্গের সঙ্গে মিলিত হবেন।
এরপর প্রধানমন্ত্রীর সঙ্গে ইস্তানা নূরুল ইমানে বায়তুল মেশুরায় সুলতানের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সমঝোতা কয়েকটি স্মারক স্বাক্ষরিত হবে।
বিকেলে প্রধানমন্ত্রী এস্পায়ার হোটেল এন্ড কান্ট্রি ক্লাবে ব্রুনাই ন্যাশনাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি আয়োজিত দু’দেশের ব্যবসায়ীদের মধ্যে অনুষ্ঠেয় সভায় যোগ দেবেন।

প্রধানমন্ত্রী জামে আসর মসজিদ পরিদর্শন এবং এ মসজিদে আসর নামাজ আদায় করবেন।
শেখ হাসিনা এরপর তার সম্মানে সুলতান আয়োজিত তাঁর সরকারি বাসভবনে ভোজসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে ব্রুনাইয়ের রাজধানীর জালান কেবাংসানের কূটনৈতিক জোনে বাংলাদেশ হাইকমিশনের নতুন চ্যান্সেরি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
পরে তিনি রয়েল রেজালিয়া যাদুঘর পরিদর্শন করবেন।
সফরকালে বাংলাদেশ বিভিন্ন খাতে ব্রুনাইয়ের সঙ্গে সাতটি সমঝোতা স্মারকে সাক্ষর করবে। বাসস।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম