
মাস্টারি বিডি । শিমুল আহসান
আন্তর্জাতিক ডেস্ক । ০১ নভেম্বর ২০১৮ । ১৭ কার্তিক ১৪২৫
‘স্ট্যাচু অব ইউনিটি’ উচ্চতায় ৬০ তলার সমান…
ভারতে বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি ‘স্ট্যাচু অব ইউনিটি’ উন্মোচিত হয়েছে। মূর্তিটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা সর্দার বল্লভভাই প্যাটেলের। বুধবার মহাআয়োজনের মধ্যদিয়ে ‘স্ট্যাচু অব ইউনিটি’র উন্মোচন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ছিল সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মশতবার্ষিকী। ১৯৪৭ সালে ভারত স্বাধীনের পর দেশটিকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বল্লভভাই।

গুজরাট রাজ্যের রাজপিপলা অঞ্চলে নর্মদা বাঁধের কাছে গড়ে তোলা হয়েছে এই মূর্তি। এটি নির্মাণ করতে নিযুক্ত হয়েছিলেন তিন হাজারেরও বেশি শ্রমিক।

প্রাথমিকভাবে এই মূর্তি গড়ার খরচ নির্ধারণ হয় তিন হাজার কোটি টাকা। পরে বিখ্যাত প্রকৌশলী সংস্থা লারসেন অ্যান্ড টুবরো এই দায়িত্ব পেলে খরচ কমে দাঁড়ায় ২,৯৮৯ কোটি টাকা।

স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বল্লভভাই প্যাটেল। দৃঢ় নেতৃত্বগুণের কারণে তার নাম হয়ে গেছে সর্দার বল্লভভাই প্যাটেল।
বিশ্বের উচ্চতম এ মূর্তি উদ্বোধনে স্থানীয় জনসাধারণের হুমকি থাকায় উদ্বোধনের প্রাক্কালে সেখানে হাজার হাজার পুলিশ মোতায়েন করা হয়।

গুজরাটের কেওড়িয়াতে নর্মদা নদীর উপর তৈরি করা হয়েছে বল্লভ ভাই প্যাটেলের মূর্তিটি। নাম দেওয়া হয়েছে ‘স্ট্যাচু অব ইউনিটি’। এটির জন্য ২০ হাজার বর্গ মিটার এলাকা সাজানো হয়েছে।

১৮২ মিটার উচ্চতা বিশিষ্ট এই মূর্তিটি নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টি-র দ্বিগুণ উঁচু। পদ্মভূষণ প্রাপ্ত স্থপতি রাম ভি সূতর মূর্তিটির নকশা তৈরি করেছেন । এটির মোট ওজন প্রায় এক লাখ টন।

এই মূর্তি তৈরি নিয়ে কম বিতর্ক হয়নি। স্থানীয় জনগণ এ মূর্তির বিরোধিতা করেছিলেন। বিক্ষোভ-প্রতিবাদও হয়েছিল। এ দিন যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তাই আগে থেকেই গোটা এলাকা জুড়ে কঠোর নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলা হয়। মূর্তিটির চারদিকে ১০ কিলোমিটার এলাকা জুড়ে বিভিন্ন স্থানে ৫ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়।বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম