Home / জাতীয় / সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
pmmbd-f

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ নভেম্বর ২০১৬ । ০৯ অগ্রহায়ণ ১৪২৩

সেনাবাহিনীর নবগঠিত ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দিতে দিনব্যাপী সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বেলা ১১ টার পর তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সেনাপ্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদকগণের মধ্যে এএফএম বাহাউদ্দিন নাসিম, আহমেদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ ও খালিদ মাহমুদ চৌধুরী, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, শেখ হেলাল উদ্দিন এমপি, সুবিদ আলী ভূইয়া এমপি, মাহবুবুর রহমান এমপি, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, সাবেক রাষ্ট্রদূত এ কে আবদুল মোমেন এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন।

এদিকে সিলেটে প্রধানমন্ত্রীর একটি জনসভায় অংশ নেওয়ার কথা থাকলেও আসন্ন জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় আচরণবিধির বিষয়টি মাথায় রেখে তা স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছিলেন কামরান।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বিভাগীয় এই শহর সিলেটে পৌঁছে শুরুতেই হযরত শাহজালাল (র.) ও শাহপরাণের (র.) মাজার জিয়ারত করেন শেখ হাসিনা।

প্রথমে হযরত শাহজালাল (র.)-এর মাজারে তিনি পবিত্র কোরআন তেলাওয়াত এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

এরপর তিনি শহরের উপকন্ঠে হযরত শাহ পরানের (রহ.) মাজারে যান এবং সেখানে পবিত্র কোরআন তেলাওয়াত এবং ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

দুই আউলিয়ার মাজারে তিনি কিছু সময় অতিবাহিত করেন এবং দেশের সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সফরসঙ্গীরা ছাড়াও সিলেট জেলা ও নগর শাখার দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দুপুরে জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনে গঠিত ১১ পদাতিক ডিভিশনের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি যোগ দেবেন।

সিলেট সফর শেষে বিকালেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে বলে প্রেস উইং থেকে জানানো হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রীর সফর ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তাকে স্বাগত জানাতে দেয়ালে দেয়ালে টানানো হয়েছে পোস্টার। তোরণ, ব্যানার ও ফেস্টুনে ছেয়ে গেছে পুরো নগরী।

চলতি বছর সিলেটে প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর এটি। এর আগে গত ২১ জানুয়ারি সিলেট সফরে গিয়েছিলেন তিনি।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেট মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রী যেসব সড়ক দিয়ে যাবেন, সেসব সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পাশাপাশি ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

সূত্র : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.