
মাস্টারি বিডি
আন্তর্জাতিক । ১৩ অক্টোবর ২০১৮ । ২৮ আশ্বিন ১৪২৫
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা শহরে হারিকেন মাইকেলের আঘাতে শুক্রবার মৃতের সংখ্যা বেড়ে অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে তল্লাশী ও উদ্ধারকারী দল তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।
ফ্লোরিডা গভর্ণর রিক স্কট বলেন, ‘মেক্সিকো বিচটি লণ্ডভণ্ড হয়ে গেছে।’
বুধবার ক্যাটাগরি ৪ ঝড়ের শক্তি নিয়ে মাইকেল শহরটিতে আঘাত হানে।

তিনি আরো বলেন, ‘ঝড়টি একটি বোমা হামলার মতো ছিল।’
তিনি এক হাজার জনসংখ্যা অধ্যুষিত মেক্সিকোর উপসাগরীয় অঞ্চল সম্পর্কে বলেন, ‘এটা একটি যুদ্ধক্ষেত্রের মতো ছিল।’
উদ্ধারকারী দলের সদস্যরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের তল্লাশী চালাতে শুক্রবার মেক্সিকো বিচে শিকারী কুকুর ব্যবহার করে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
এদিকে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এফইএমএ)’র প্রধান ব্রুক লং মৃতের সংখ্যা বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন।

মেক্সিকো বিচে ঘন্টায় ১৫৫ মাইল বেগে বয়ে যাওয়া ঝড়ে বেশ কয়েকটি বাড়িঘর, দোকান, রেস্তোরাঁ ধসে গেছে।
রাজ্যের কর্মকর্তারা জানান, মেক্সিকো বিচের বাসিন্দাদের অন্যত্র যাওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু অনেকে বাড়িতে অবস্থান করে ঝড় মোকাবেলা করার চেষ্টা করেন।

সেখানে এ পর্যন্ত মৃতের সংখ্যা ১৬ জনে দাঁড়িয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার ফ্লোরিডা ও জর্জিয়ায় যাওয়ার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, ‘জর্জিয়ায় হারিকেন মাইকেল কতোটা ভয়াবহভাবে আঘাত হেনেছে সে সম্পর্কে মানুষের কোন ধারণা নেই। সরকার দুর্যোগপূর্ণ রাজ্যগুলোর প্রতিটি এলাকায় ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে ঘুরে দাঁড়াতে তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা জনগণের পাশে আছি।’
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম