মাস্টারি বিডি
আইটি ডেস্ক । ২৮ জুলাই ২০১৮ । ১৩ শ্রাবণ ১৪২৫
বিখ্যাত নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমের ৮৮তম জন্মদিন আজ শনিবার। তার প্রতি শ্রদ্ধা জানাতে এবার ডুডল করেছে গুগল।
শনিবার প্রথম প্রহর থেকেই গুগলের হোমপেজে এ ডুডল দেখতে পাচ্ছেন ব্যবহারকারীরা। ডুডলে দেখা যাচ্ছে, মাইক্রোফোনের সামনে গান গাইছেন ফিরোজা বেগম। পরনে শাড়ি, গলায় বড় মালা আর খোপায় ফুটে উঠেছে তার চিরাচরিত প্রতিচ্ছবি।
গুগল তাদের ডুডল পাতায় ফিরোজা বেগমের জীবন-সম্পর্কিত তথ্যও তুলে ধরেছে। ডুডলের ওপর ক্লিক করলে ফিরোজা বেগমসংক্রান্ত তথ্য পাতায় নিয়ে যাচ্ছে।
গুগল ডুডল পাতায় লিখেছে, ফিরোজা বেগম ছিলেন এ উপমহাদেশের একজন বরেণ্য ও কিংবদন্তি নজরুলসংগীতশিল্পী। ১৯৩০ সালের ২৮ জুলাই তিনি গোপালগঞ্জের রাতইল ঘোনাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মায়ের নাম বেগম কওকাবুন্নেসা।
গুগল লিখেছে, ফিরোজা বেগমকে নিয়ে ডুডলটি তৈরি করেছেন তাদের ডুডলার অলিভিয়া হুন। ওয়াটার কালার পেপারের ওপর পেইন্ট করা ছবিতে শিল্পী শ্রোতাদের গান শোনাচ্ছেন—এ দৃশ্য ফুটে উঠেছে। এটি অ্যালবামের কাভারের মতো করে ফুটিয়ে তোলা হয়েছে।
গুগলটি শুধু বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম