Home / খেলা / বিশ্ব ফুটবল রণের উত্তেজনা কাঁপছে পৃথিবী
fifa+wc+mbd

বিশ্ব ফুটবল রণের উত্তেজনা কাঁপছে পৃথিবী

মাস্টারি বিডি
স্পোর্টস ডেস্ক । ১৫ জুলাই ২০১৮ । ৩১ আষাঢ় ১৪২৫

আজ ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফ্রান্সের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া। এই ম্যাচে গ্যালারিতে দেখা যাবে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্ডা গ্র্যাবার কিটারোভিচকে। পিছিয়ে নেই অপর ফাইনালিস্ট ফ্রান্সও। ম্যাচ চলাকালে গ্যালারিতে উপস্থিত থেকে এমবাপ্পে- গ্রিজম্যানদের সমর্থন জানাতে ইতোমধ্যে মস্কো পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

এ ছাড়াও উপস্থিত থাকবেন ব্রিটিশ গায়ক, গীতিকার, যন্ত্রশিল্পী, সংগীত পরিচালক ও অভিনেতা মিক জ্যাগার।

রাজনৈতিক ব্যক্তিদের ছাড়াও লুঝনিকি স্টেডিয়ামের গ্যালারি আলোকিত করবেন ক্রীড়াঙ্গনের সাবেক ও বর্তমান তারকারা।

বিশ্বকাপে শেষ ষোল থেকেই মদ্রিচ-রাকিটিচদের সঙ্গী কোলিন্ডা গ্র্যাবার কিটারোভিচ। ক্রোয়েশিয়ার প্রতিটি ম্যাচেই জাতীয় দলের জার্সি গায়ে গ্যালারিতে উপস্থিত থেকে দলকে সমর্থন জুগিয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। ফাইনাল ম্যাচেও ব্যতিক্রম হচ্ছে না।

প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে পা রেখেছে ক্রোয়েশিয়া। ক্রোয়েটদের ফুটবল ইতিহাসের এই গর্বের মুহূর্ত পুরো দেশেই আনন্দের বন্যা বইয়ে দিয়েছে। বাদ যায়নি দেশটির মন্ত্রিপরিষদও। সেমিফাইনালে জয়ের একদিন পর দেশটির রাজধানী জাগরেবে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে সবাই জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে হাজির হন।

দেশের ফুটবলের এমন অভূতপূর্ব মুহূর্তকে ঘিরে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছে পুরো ক্রোয়েশিয়া। যার ঢেউ লেগেছে দেশটির ক্যাবিনেটেও। ওই ম্যাচের পরদিন মন্ত্রিসভার বৈঠকে সব সদস্যরা তাদের স্বাভাবিক ফরমাল পোশাক বাদ দিয়ে জাতীয় দলের লাল-সাদা জার্সি পরে।

ক্রোয়েশিয়ার প্রেসিডেন্টও দারুণ ফুটবলপাগল। সোচিতে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ম্যাচে ভিআইপি বক্সে বসে খেলা দেখার সময় জাতীয় দলের জার্সি গায়ে তার উচ্ছ্বাস প্রকাশ অনেকেরই নজর কেড়েছে।

ফাইনাল শুরুর আগে সুরে সুরে লুঝনিকি স্টেডিয়াম মাতাবেন মার্কিন অভিনেতা ও গায়ক উইল স্মিথ। গাইবেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মহাযজ্ঞের ২১তম আসরের থিম সং ‘লিভ ইট আপ’। মঞ্চে উইল স্মিথের সঙ্গে গলা মেলাবেন পুয়ের্তোরিকান সংগীতশিল্পী র‌্যাপার নিকি জ্যাম ও কসোভার গায়িকা ইরা ইসত্রেফি।

৩ মিনিট ২৮ সেকেন্ড ব্যাপ্তির টেকনো ও র‌্যাগে ধাঁচের গানটি একসঙ্গে পরিবেশন করবেন স্মিথ-নিকি-ইরা। শেষটায় পুরো পৃথিবীকে বিশ্বকাপের সমাপনী বার্তা ছড়িয়ে দিতে শুরু হবে জমকালো আতশবাজি। আলোয় আলোয় পুরো দুনিয়াকে রাঙিয়ে বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে বিশ্বকাপ ফুটবলের ২১তম আসরের ফাইনাল।

বহুল প্রতীক্ষিত সেই ম্যাচের আগে এক ভিডিওবার্তায় দলের জন্য দেশবাসীকে উল্লাস করার আহ্বান জানিয়েছেন আলোচিত এই প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজ থেকে পোস্ট করা ভিডিওতে তিনি বলেন, ‘আজকে রাতে ক্রোয়েশিয়ার জন্যে সবাই উল্লাস করো। আমরা সেই অপেক্ষায় মুখিয়ে আছি। ধন্যবাদ রাশিয়া, আমরা আসছি।’

ভিডিওতে আয়োজক রাশিয়ার আতিথেয়তায় মুগ্ধতার কথাও জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট। বিমানে ভ্রমণের সময় বানানো ওই ভিডিওবার্তায় তিনি আরও বলেন, ‘ক্রোয়েশিয়ার ভক্তদের পক্ষ থেকে রাশিয়ার আতিথেয়তার জন্য তাদের ধন্যবাদ জানাই। আয়োজক হিসেবে তোমাদের তুলনা নেই।’

এর আগে বিশ্বকাপের প্রথম মিশনেই সেমিফাইনালে ওঠা ক্রোয়েশিয়া সেবার ফ্রান্স বাধায় আটকে গিয়েছিল। ১৯৯৮ সালের বিশ্বকাপে চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে ২-১ গোলে হেরে শেষ চার থেকে বিদায় নিয়েছিল তারা। এবারের ফাইনালে সেই ফ্রান্সই তাদের প্রতিপক্ষ।

এদিকে ক্রোয়েশিয়াকে প্রথমবারের মতো ফাইনালে নিয়ে আসার পেছনের মূল কারিগর ছিলেন দলটির তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। দলকে সাফল্য দেয়ার পাশাপাশি ব্যক্তিগত পারফরম্যান্সে নিজেকে করছেন গোল্ডেন বলের অন্যতম দাবিদার। বিশ্বকাপে তার পারফরম্যান্স দেখে প্রশংসার কোন কমতি রাখছেন না ফুটবল বোদ্ধারা। আর তাই মদ্রিচের খেলাকে ‘নৃত্যের’ সঙ্গে তুলনা করলেন সাবেক ব্রাজিলিয়ান ফুটবলার রিকার্ডো কাকা।

ওমনিস্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে লুকা মদ্রিচ সম্পর্কে কাকা বলেন, ‘লুকা মদ্রিচ আমাদের দেখিয়ে দিয়েছেন ফুটবল কত সহজ খেলা। বিশ্বাস করুন এটা সত্যিই অনেক কঠিন একটা খেলা। বিশ্বকাপে খেলা তার চেয়েও কঠিন এবং সে এটাকে খুবই সাধারণভাবে খেলছে। ফুটবল খেলাটা তার কাছে নৃত্যের মতো।’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

21 22 26

পে স্কেলের সিদ্ধান্ত নিয়ে যা জানা গেল

ঢাকা, বৃহস্পতিবার ২১ মে ২০২৬ মাসস নবম জাতীয় পে স্কেল নিয়ে সচিব কমিটির ডাকা সভা শেষ …

Leave a Reply

Your email address will not be published.