Home / জাতীয় / ‘বাংলাদেশের শিল্পখাতে প্রভূত অগ্রগতি’
amu+al+mbd

‘বাংলাদেশের শিল্পখাতে প্রভূত অগ্রগতি’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৫ ফেব্রুয়ারি ২০১৮ । ১৩ ফাল্গুন ১৪২৪

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ নেতৃত্বে বিগত কয়েকবছরে বাংলাদেশের শিল্পখাতে প্রভূত অগ্রগতি অর্জিত হয়েছে। এর ফলে জিডিপিতে শিল্পখাতের অবদান ৩২ শতাংশ ছাড়িয়ে গেছে। ইতোমধ্যে দেশে প্রায় ১০ লাখ ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে উঠেছে। এসব এসএমই শিল্প ডিজিপিতে শতকরা ২৩ ভাগ এবং মোট শিল্প কর্মসংস্থানে শতকরা ৮০ ভাগ অবদান রাখছে বলে তিনি উল্লেখ করেন।

শিল্পমন্ত্রী শনিবার নয়াদিল্লির হোটেল তাজ প্যালেসে আয়োজিত ‘ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। দু’দিনব্যাপী এশিয়ান টাইমস চতুর্থ গ্লোবাল বিজনেস সামিট-২০১৮ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশে অর্জিত সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতির উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, গত তিন বছরে বাংলাদেশ ৭ শতাংশেরও বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। একই সাথে বৈদেশিক মুদ্রা রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। এ দেশের তৈরি পোশাকশিল্প বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করার পাশাপাশি চাল উৎপাদনে বাংলাদেশ চতুর্থ, জনশক্তি রপ্তানিতে পঞ্চম এবং রেমিট্যান্স আহরণে বাংলাদেশ অষ্টম স্থানে রয়েছে।

আন্তর্জাতিক রেটিং এজেন্সি প্রাইস ওয়াটার হাউস কুপারস্ এর মতামত তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ ২০৩০ সাল নাগাদ বিশ্বের তিনটি দ্রুত বর্ধনশীল অর্থনীতির মধ্যে একটিতে পরিণত হবে।

মন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ সবচেয়ে উৎকৃষ্ট স্থান। এদেশে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার ১০০টি অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের বিশেষ প্রণোদনা ও আর্থিক সুবিধা দেয়া হচ্ছে। তিনি এসব সুবিধা উপভোগ করে বাংলাদেশে বিনিয়োগে এগিয়ে আসতে ভারতীয় উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 222

প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ প্রদান

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বিরোধীদলীয় …

Leave a Reply

Your email address will not be published.