মাস্টারি বিডি ডটকম । জেড আর বাঁধন খান
রংপুর । ২১ ডিসেম্বর ২০১৭ । ০৭ পৌষ ১৪২৪
রংপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু, জাতীয় পার্টির মোস্তাফিজার রহমান মোস্তফা ও বিএনপির কাওসার জামান বাবলাসহ মোট সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
বুধবার রিটার্নিং অফিসার সুভাষ চন্দ্র সরকার বলেছেন, রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন-২০১৭ অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।
বুধবার রাতে এখানে এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন।’
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিভাগীয় ও জেলা পর্যায়ের বেসামরিক ও পুলিশ প্রশাসন, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও অন্যান্য সংস্থার সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, রংপুর সিটি করপোরেশনের ১৯৩টি কেন্দ্রের ১১৭৮টি ভোটকক্ষে বৃহস্পতিবার সকাল ৮ টায় নির্ধারিত সময়েই ভোট শুরু হয়েছে।
ভোট শুরুর পর এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আইন শৃঙ্খলাবাহিনীর সাড়ে পাঁচ হাজারের বেশি সদস্য এ নির্বাচনে দায়িত্ব পালন করছেন। নির্বাহী ও বৈচারিক হাকিম ছাড়াও ইসির মনিটরিং টিম থাকবে নির্বাচন পরিস্থতি পর্যবেক্ষণে।

এর আগে, রংপুর সিটি করপোরেশনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ‘এখন পর্যন্ত আমাদের যে অবজারভেশন— পরিস্থিতি সম্পূর্ণ অনুকূলে রয়েছে। কমিশনের প্রত্যাশা রংপুরে সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট হবে।’
রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার এ কথা জানান।
নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী ও কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ এ সময় উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, রংপুরে তিনটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হবে। একটি কেন্দ্রে ইভিএম ব্যবহারের প্রস্তুতিও রয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ওই কেন্দ্রে এটা ব্যবহার করা হবে।
নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, কমিশন রংপুর সিটি নির্বাচনকে মডেল নির্বাচন করতে চায়। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন সে ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি জানান, এ নির্বাচনে পর্যাপ্ত সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত থাকবে। নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে নির্বাহী ও বিচারিক হাকিম, ইসির মনিটরিং টিমসহ সংশ্লিষ্টরা মাঠে রয়েছেন।

একটি কেন্দ্রে ইভিএম ব্যবহার সম্পর্কে সচিব হেলালুদ্দিন আহমেদ বলেন, একটি কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। ওই কেন্দ্রে ভোটারদের এ বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ (মহড়া) দেয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বৃহস্পতিবার ওই কেন্দ্রে ইভিএম-এ ভোটগ্রহণ করা হবে। কোনো ধরনের কারিগরি সমস্যা হলে বিকল্প ব্যবস্থা হিসেবে আগের পদ্ধতিতে ভোটগ্রহণ করা হবে।
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে সাতজন, ৩৩টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ২১১ জন ও ১১টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই সিটিতে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৮৯৪ জন, যাদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ২৫৬ জন ও নারী ভোটার এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।
সূত্র : বাসস ও সমকাল
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম