মাস্টারি বিডি ডটকম ।
নেত্রকোনা । ০৮ ডিসেম্বর ২০১৭ । ২৪ অগ্রহায়ণ ১৪২৪
নেত্রকোনায় বোমা হামলা ট্র্যাজেডি দিবস আজ ৮ ডিসেম্বর (শুক্রবার)। জমিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) ২০০৫ সালের ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৮ টার দিকে জেলা শহরের অজহর রোডস্থ উদীচী কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায়। বোমা হামলায় আত্মঘাতী কিশোরসহ উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম-সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলী, মোটর মেকানিক যাদব দাসসহ ৮ জন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জেএমবি প্রধান শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলা ভাই, সামরিক শাখার প্রধান আতাউর রহমান সানি, জেএমবি কমান্ডার আসাদুজ্জামান, সালাহ্উদ্দিন এবং ইউনূসসহ ৮ জনকে আসামী করে পৃথক দুটি মামলা দায়ের করে। ইতিমধ্যে ঢাকা দ্রুত বিচার ট্র্যাইব্যুনাল আদালত-২ নেত্রকোনায় বোমা হামলা মামলার ৭ আসামীকে ফাঁসি ও বাংলা ভাইয়ের স্ত্রীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।
বোমা হামলায় নিহতদের স্মরণে নেত্রকোনার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো সম্মিলিতভাবে প্রতি বছরের ৮ ডিসেম্বর নেত্রকোনা ট্র্যাজেডি দিবস পালন করে আসছে।
এ উপলক্ষে ট্র্যাজেডি দিবস পালন পরিষদ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকালে উদীচী কার্যালয়ের সামনে সাংগঠনিক ও কালো পতাকা উত্তোলন, উদীচী কার্যালয়ের সামনে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারণ, শোক র্যালি, সকাল ৯ টা ৪০ মিনিট থেকে ৯ টা ৪৫ মিনিট পর্যন্ত ৫ মিনিট নীরবে দাঁড়িয়ে থেকে স্তব্ধ নেত্রকোনা কর্মসূচি পালন, বিকেলে শহীদ মিনারে আলোচনা সভা ও গণজাগরণী প্রতিবাদী গণসঙ্গীত অনুষ্ঠিত হয়। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম