…সংক্ষিপ্ত ৫৫ বছরের বঙ্গবন্ধুর জীবনের ৩৮ বছরই রাজনৈতিক জীবন।…
মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ এপ্রিল ২০১৭ । ২০ চৈত্র ১৪২৩
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা প্রবন্ধ, বক্তৃতা, বিবৃতি, বাণী, নির্দেশ, সাক্ষাৎকার ও ছবি ইত্যাদি নিয়ে প্রকাশিত হয়েছে ‘বাংলাদেশ’ নামে একটি বই। তথ্যবহুল এই বইয়ে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর লেখা পাঁচটি প্রবন্ধ, ৫২৭টি বক্তৃতা-বিবৃতি, ৩২টি বাণী, ১৭টি নির্দেশ, ৩টি সাক্ষাৎকার, বহু উপাধিতে ভূষিত জাতির জনক শেখ মুজিবুর রহমানকে নিয়ে ১২টি বিষয়, ১৭টি ঐতিহাসিক দলিলপত্র এবং ২২১টি দুর্লভ ছবি ।
গুরুত্বপূর্ণ এ বইটি সম্পাদনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলাম এবং বঙ্গবন্ধু ললিতকলা একাডেমির প্রধান নির্বাহী মো. জাহিদ হোসেন।
বঙ্গবন্ধুর ‘বাংলাদেশ’ সংগ্রহে রাখার মতো একটি দুর্লভ বই।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে বইটির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে উপাচার্য আরেফিন সিদ্দিক বলেন, সংক্ষিপ্ত ৫৫ বছরের বঙ্গবন্ধুর জীবনের ৩৮ বছরই রাজনৈতিক জীবন। ছাত্র থাকাকালেই সাধারণ শিক্ষার্থীদের জন্য সংগ্রাম করেছেন। একাত্তরে সাড়ে সাত কোটি মানুষ বঙ্গবন্ধুর দীক্ষা নিয়ে লড়াই সংগ্রামে ঝাপিয়ে পড়েছিল। তাই বঙ্গবন্ধুৃর সোনার বাংলা গড়তে ১৬ কোটি মানুষকে বঙ্গবন্ধুর দীক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে। এ জন্য বঙ্গবন্ধুকে জানতে হবে। আর বঙ্গবন্ধুর ‘বাংলাদেশ’ গ্রন্থটি তরুণ প্রজন্মসহ সব বয়সের মানুষকে পথনির্দেশ পেতে সহায়তা করবে।
বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণ প্রয়োজন উল্লেখ করে আরেফিন সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু আমাদের জন্য বিরল সম্পদ। তিনি আমাদের মাঝে না থাকলেও যারা বঙ্গবন্ধুর দর্শন ধারণ করে তারা বঙ্গবন্ধুর প্রতিনিধিত্ব করেন। বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে গবেষণা, রচনা নতুন প্রজন্মের জন্য অব্যহত রাখতে হবে।
উপাচার্য জানান, বইটি সম্পাদনা করতে দশ বছর সময় লেগেছে। সকল তথ্য অনেক নির্ভুলভাবে তুলে ধরা হয়েছে বইটিতে। ১০৮০ পৃষ্ঠার এই বইয়ের মূল্য ২৫০০ টাকা। বইটি পাওয়া যাবে- সাহিত্য প্রকাশ, প্রিতম ভবন, ৪২ তোপখানা রোড, ঢাকা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম