ঢাকা, বৃহস্পতিবার ১৪ আগস্ট ২০২৫ মাসস
সিলেটের ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটপাটের রেশ থাকতেই নতুন করে আলোচনায় প্রকৃতিকন্যা খ্যাত জাফলং। সেখানে এখন চলছে গোগ্রাসে পাথর লুট।
গোয়াইনঘাট উপজেলার পাহাড়ি নদীর বুক চিরে বেলচা, কোদাল, শাবল কোপের পর বারকি নৌকা দিয়ে পাথর ও বালু তোলা হচ্ছে অবাধে। প্রশাসনের নজরদারি শিথিল থাকায় দুর্বৃত্তদের এমন তৎপরতা বেড়েই চলেছে।
স্থানীয় ফটোগ্রাফার করিম আহমদ বলেন, ‘গত কয়েক দিন ধরে জাফলংয়ে যেভাবে পাথর লুটপাট হয়েছে এতে এখানের বড় বড় সাদা পাথরগুলো হারিয়ে গেছে। জাফলংয়ের সৌন্দর্যের আকর্ষণ ছিল বড় বড় সাদা পাথরগুলো। এখন সেগুলো নেই, আছে সব কালো পাথর।’
ভ্রমণপিপাসু ও স্থানীয়দের দাবি, প্রশাসনের নজরদারি যেন কাগজে-কলমেই সীমাবদ্ধ না থেকে দ্রুত সময়ের মধ্যে পাথর লুটপাট বন্ধ করা। তা না হলে সাদা পাথরের মতো বিরাণভূমি হতে পারে জাফলং। এখন দেখার অপেক্ষা সরকার ও প্রশাসন কতটুকু রক্ষা করতে পারে দেশ-বিদেশের পর্যটকদের ভ্রমণের শ্রেষ্ঠ স্পটকে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী কালের কণ্ঠকে বলেন, ‘অস্বীকার করার সুযোগ নেই যে পাথর নেয়নি। কিছু নিয়েছে। বিশেষ করে জাফলংয়ের নদীর পাড়ের সাইড থেকে কিছু বালু ও পাথর নিয়ে গেছে। বাকিটা আমরা রক্ষা করে ফেলেছি। আমি যখন থেকে জেনেছি, তখন থেকে রাতেও থাকছি, নজরদারি করছি।’
সাদাপাথরের মতো অবস্থা হবে না জানিয়ে তিনি বলেন, ‘আমাদের সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি। স্থানীয়দের সঙ্গেও কথা বলেছি, তারা কথা দিয়েছে পাথরে হাত দেবে না। আমাদের টহলও জোরদার আছে। আশা করছি আমাদের এখানে সাদাপাথরের মতো কিছু ঘটবে না।’
সৌজন্যে : কালেল কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম