মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ১১ নভেম্বর ২০১৭ । ২৭ কার্তিক ১৪২৪
বাংলা সাহিত্যের নন্দিত লেখক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন উপলক্ষে ‘হুমায়ূন মেলা’র আয়োজন করা হয়েছে।
আগামী ১৩ নভেম্বর, সোমবার বিকাল ৩ টা ৫ মিনিটে চ্যানেল আই চত্বরে দেশের বিভিন্ন অঙ্গনের বিশিষ্টজনেরা এ মেলার উদ্বোধন করবেন।
এসিআই পিওর সল্টের পৃষ্টপোষকতায় চ্যানেল আই এ মেলার আয়োজন করেছে।
আজ শুক্রবার দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, মেলার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর ও সঙ্গীতশিল্পী সেলিম চৌধুরী বক্তৃতা করেন।

ফরিদুর রেজা সাগর বলেন, ‘হুমায়ূন আহমেদ নানাভাবে চ্যানেল আই ও ইমপ্রেস টেলিফিল্মের সাথে যুক্ত ছিলেন। আমাদের প্রতিষ্ঠানের জন্য অনেক নাটক ও সিনেমা তৈরি করেছেন এবং নানা পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন। তাকে নিয়ে এ ধরনের একটি মেলার আয়োজন করতে পেরে আমরা গর্বিত।
তিনি বলেন, অন্যবারের মতো এবারও মেলায় নানা আয়োজনের মধ্যদিয়ে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপিত হবে। যেমন- মেলায় থাকবে লেখকের বই, চলচ্চিত্র, নাটকসহ তার কর্মজীবনের নানা সামগ্রীর স্টল। মেলা প্রাঙ্গণ মঞ্চে পরিবেশিত হবে হুমায়ূন আহমেদের লেখা গান, নাচ, আবৃত্তি, স্মৃতিচারণ পর্ব ইত্যাদি। মেলা চলবে সন্ধ্যা ৭ টা পর্যন্ত। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই ও রেডিও ভূমি।

এসিআই সল্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আলমগীর বলেন, হুমায়ূন আহমেদ হলেন সেই ব্যক্তি, যিনি আমাদের পাঠাভ্যাস গড়ে দিয়েছেন। ভালো নাটক ও সিনেমা দেখার চোখ সৃষ্টি করেছেন। তাকে নিয়ে গর্ব করার অনেক বিষয় রয়েছে। জননন্দিত এ কথাশিল্পীকে নিয়ে এ ধরনের একটি মেলায় নিজেরা যুক্ত হতে পেরে গর্বিত। তাকে নিয়ে শো-বিজ অঙ্গণে কোনো পদক প্রচলন করা যায় কিনা, এমন এক প্রশ্নের জবাবে সৈয়দ আলমগীর বলেন, চ্যানেল আই’র সহযোগিতা থাকলে অবশ্যই তা নিয়ে চিন্তা-ভাবনা করা হবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যে মধ্যে আরো উপস্থিত ছিলেন নাট্যজন কেরামত মওলা, আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান ও অভিনেতা মাজনুন মিজান। তারাও হুমায়ূন আহমেদের নানা স্মৃতিকর্ম নিয়ে কথা বলেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম