হ্যাঁ বন্ধু, আবহাওয়ার বদলে হেমন্ত ঋতুতে পাল্টে যাবে সাজের ধরনও। আগেই বলেছি- গরম কমে এসেছে, শেতল হাওয়া মাঝে মাঝেই বয়ে যাচ্ছে শীতের আগমনী গান গেয়ে। নবান্ন উৎসবের ঘ্রাণময় আয়োজন চারদিকে। এখন থেকেই শুরু হয়েছে নানা আচার অনুষ্ঠান ও উৎসব। আর গ্রীষ্মের সাজগোজে তো হেমন্তের নিমন্ত্রণে যাওয়া যাবে না। গরমে স্বস্তির কথা ভেবে মেকআপে এত দিন যেসব এড়িয়ে চলেছিলেন তা এখন নিশ্চিন্তে হাতে তুলে নিতে পারেন। কেমন হবে এই সময়ের সাজসজ্জা, জেনে নিন।…

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ২৬ অক্টোবর ২০১৭ । ১১ কার্তিক ১৪২৪
হেমন্ত শুরু হয়েছে আর তার চিরচেনা রূপ ফুটে উঠেছে বাংলার প্রান্তরে জনজীবনেও। গরম ক্রমশ কমে আসছে। ভোরসকাল ও সন্ধ্যায় শীত শীত ভাব। হালকা কুয়াশাও পড়তে শুরু করেছে এরইমধ্যে। হেমন্তে শহর ও গ্রামীণ জীবনধারায় যে পরিবর্তন দেখা যায় পোশাকে ও সাজসজ্জায় তার খানিকটা তুলে ধরা যাক-
হ্যাঁ বন্ধু, আবহাওয়ার বদলে হেমন্ত ঋতুতে পাল্টে যাবে সাজের ধরনও। আগেই বলেছি- গরম কমে এসেছে, শেতল হাওয়া মাঝে মাঝেই বয়ে যাচ্ছে শীতের আগমনী গান গেয়ে। নবান্ন উৎসবের ঘ্রাণময় আয়োজন চারদিকে। এখন থেকেই শুরু হয়েছে নানা আচার অনুষ্ঠান ও উৎসব। আর গ্রীষ্মের সাজগোজে তো হেমন্তের নিমন্ত্রণে যাওয়া যাবে না। গরমে স্বস্তির কথা ভেবে মেকআপে এত দিন যেসব এড়িয়ে চলেছিলেন তা এখন নিশ্চিন্তে হাতে তুলে নিতে পারেন। কেমন হবে এই সময়ের সাজসজ্জা, জেনে নিন।
দিনের ভাগটা এখনো গরমই থাকছে, তাই এ সময় মেকআপ হবে ওয়াটারবেজড। এই ঋতুতে রাতের বেলায় যেহেতু একটু একটু ঠান্ডা পড়ে আর রাতের নিমন্ত্রণগুলোও সাধারণত জমকালোই হয়, তাই এ সময় বেজড মেকআপে তরল ফাউন্ডেশন ব্যবহার করা যেতে পারে। তার আগে ময়েশ্চারাইজার দিয়ে ত্বক আর্দ্র করে নিতে হবে। এরপর মেকআপ ভালোমতো বসানোর জন্য মুখে বুলিয়ে নিতে হবে ফিনিশিং পাউডার।
হেমন্তে চারিদিকে শুষ্ক, ধূসর ভাব অনুভূত হয়, তাই এ সময়কার মেকআপ হতে হবে শাইনি ও শিমারি। চোখ যদি জমকালো হয়, ঠোঁটে থাকবে হালকা রং। এই কিছুদিন আগেও কিন্তু ম্যাট লিপস্টিক চুটিয়ে ব্যবহার করেছেন তরুণীরা, তবে এখন তো ত্বকের আর্দ্রতা এমনিতেই কমে যাচ্ছে, তাই এখনকার জন্য উপযোগী গ্লসি লিপস্টিক। এখন একটু চকচকে, ফ্রস্টেড এবং মৃদু রঙের লিপস্টিক চলছে। তরুণীরা লিপস্টিকে শকিং রংগুলো এই ঋতুতেও ব্যবহার করতে পারেন। ধুলোবালি আর দূষণ থেকে রক্ষা পেতে দিনের বেলায় চুলগুলোকে ডোনাট বান, পনিটেইল বা স্টাইলিশ কোনো ঢংয়ে বেঁধে নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। রাতের দাওয়াতে চুলগুলো কোঁকড়া করে ছেড়েও রাখতে পারেন আবার পোশাকের সঙ্গে মানিয়ে গেলে উঁচু করে বেঁধেও নিতে পারেন।
.
গরমে অনেক ঘাম হয় বলে তৈলাক্ত কোনো কিছুই সে সময় ব্যবহার করা যায় না। কিন্তু হেমন্তে ত্বক একটু টানে, তাই এখন তৈলাক্ত এবং শিমারি বেজ মেকআপ করা যেতে পারে। ডিউই মেকআপও বলা হয় একে। এখন ত্বকের স্বাভাবিক রঙের সঙ্গে মিলিয়ে ক্রিম বেজড শিমার ব্যবহার করা যেতে পারে। ত্বকে যদি কোনো দাগ ছোপ না থাকে তাহলে শুধু ক্রিমের মতো করে হালকা শিমার মুখে বুলিয়ে নিলেও চলে। জমকালো দাওয়াতে ফাউন্ডেশন, প্যানকেক ইত্যাদি ব্যবহার করে ভারী বেজ করা যেতে পারে।
স্মোকি আই গরমে খুব চলেছে। তবে বর্তমানে নুড রংগুলোই চোখের মেকআপে বেশি চলছে। হালকা গোলাপি, পিচ, বাদামি, সোনালি, সাদা রঙের আই শ্যাডো ব্যবহার করলে ভালো দেখাবে। আই লাইনারের ক্ষেত্রে হেমন্ত ও শীতের সময়টা ডল আই বা বারবি আই ঢঙে এঁকে নেয়া যায়। কাজল দিয়ে বেশি দূর পর্যন্ত টানার চল এখন একটু কমে এসেছে। পাপড়ি ভারী দেখানোর চল চলছে। নুড আই মেকআপের সঙ্গে চোখের ওপরের ও নিচের পাপড়িতে ঘন করে মাসকারা লাগালে ভালো দেখাবে। ভ্রুও মোটা এবং কালো রাখলে সুন্দর দেখাবে। এতেই চোখ জোড়া জমকালো দেখাবে। চোখের নিচে সাদা কাজল এই সময়ের জন্য মানানসই। এ ছাড়া ধূসর, সাদা বা রুপালি রঙের আইলাইনার হালকা মিশিয়ে চোখের নিচে লাগাতে পারেন।

.
চোখের মেকআপ যখন হালকা হবে তখন ঠোঁট সাজাতে হবে ‘শকিং’ বা গাঢ় কোনো রঙে। লাল, কমলা, হট পিংক, ম্যাজেন্টা, মেরুন রঙের লিপস্টিকে হেমন্ত ও শীতের সাজ পূর্ণতা পাবে। গরমে লিপগ্লস ব্যবহারে অস্বস্তি হয় কিন্তু শীতে এই ঝামেলা নেই, বরং এ সময় ঠোঁট ফাটা এবং শুকিয়ে যাওয়ার সমস্যা দেখা দেয় বলে ম্যাট লিপস্টিকের চেয়ে গ্লসি লিপস্টিকই ভালো।
আর কেমন হবে এই সময়কার পার্টি মেকআপ? এর উত্তরে বলা যায়, প্রকৃতি থেকে এখনো যেহেতু গরম পুরোপুরি বিদায় নেয়নি, তাই শীতকালীন মেকআপ এখনো সেভাবে শুরু হয়নি। ত্বক যাদের তৈলাক্ত, তার শিমার বা ক্রিমি মেকআপ ব্যবহার করার প্রয়োজন হবে। ত্বক যাদের শুষ্ক তাদের এই সময় জমকালো সাজের ক্ষেত্রে একটু শিমারি মেকআপ করার পরামর্শ দেয়া যায়। এই সময় ঠোঁট একটু পরপর শুকিয়ে যায়, তাই ম্যাট লিপস্টিক ব্যবহার না করে ক্রিমি বা ভেলভেট ধরনের লিপস্টিক ব্যবহার করা ভালো। চোখের মেকআপ হালকা হলে গাঢ় লিপস্টিক ব্যবহার করা যায়। ফ্রস্টেড ধরনের লিপস্টিক চলবে হেমন্তে।

সাজার ব্যাপারে মনে রাখুন-
১। এ সময় শুষ্ক ত্বককে আর্দ্র রাখার জন্য জন্য সবার আগে লাগবে ময়েশ্চারাইজার। ত্বক বেশি শুষ্ক হলে ওয়েলবেজড ময়েশ্চারাইজারের ব্যবহার শুরু করতে পারেন এখন থেকেই। ত্বক যদি হয় তৈলাক্ত বা সাধারণ তাহলে ওয়াটারবেজডই কাজ দেবে।
২। বেজড মেকআপের জন্য ত্বকের ধরন এবং সময় বুঝে বেছে নিন লিকুইড ফাউন্ডেশন।
৩। ত্বকের খুঁত ঢাকতে প্যানকেক এবং কনসিলার তো সব সময়ই লাগে তবে এই ক্ষেত্রে ঋতুর পাশাপাশি নিজের ত্বকের ধরনের কথাও বিবেচনা করতে হবে।
৪। চেহারায় ডিউয়ি ভাব আনার জন্য লাগবে ক্রিমি শিমার।
৫। নুড রঙের আই মেকআপ প্যালেট। আরও লাগবে চোখের ওপরে ও নিচে ব্যবহারের জন্য হালকা রঙের ক্রিমি ও শিমারি আইশ্যাডো, আইলাইনার ও মাসকারা।
৬। লিপগ্লস বা গ্লসি এবং ফ্রস্টেড লিপস্টিক।
৭। চুলের স্টাইলও চাইলে ঘরেই করে নিতে পারেন যদি থাকে হেয়ার মুজ, কার্লার, কাঁটা, ক্লিপ ও হেয়ার ব্যান্ড।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম