মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৯ আগস্ট ২০১৭ । ১৪ ভাদ্র ১৪২৪
মন্ত্রিসভা সোমবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে। এতে এই দুই কর্তৃপক্ষের চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তাদের সংস্থা দু’টির সঙ্গে সব ধরনের ব্যবসা-বাণিজ্যে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফকালে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। সংবাদ বাসস-এর।
তিনি বলেন, সিডিএ ও কেডিএ’র চেয়ারম্যান, সদস্য ও কর্মকর্তারা সংস্থা দু’টির সঙ্গে ব্যবসা-বাণিজ্যে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিধান রয়েছে প্রস্তাবিত খসড়ায়।
আলম বলেন, খসড়ায় সিডিএ ও কেডিএ’র সচিব পদকে সদস্য সচিব পদে উন্নীত করা হয়েছে। এছাড়া কোনো সীমানা প্রাচীর, পিলার ও সড়কবাতি ধ্বংসের জন্য জরিমানা ২শ’ টাকা থেকে বৃদ্ধি করে ৫ লাখ টাকা করা হয়েছে।
সিডিএ বোর্ডে থাকবেন একজন চেয়ারম্যান, ৪ জন পূর্ণকালীন সদস্য, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় ব্যবস্থাপনা পরিচালক, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, চট্টগ্রাম চেম্বারের প্রতিনিধি, গণপূর্ত বিভাগ, পরিবেশ ও বন অধিদফতর, চট্টগ্রাম মেয়রের মনোনীত দু’জন কমিশনার এবং সরকার মনোনীত ৪ জন বিশিষ্ট নাগরিক।
কেডিএ বোর্ডে একজন চেয়ারম্যান, ৩ জন পূর্ণকালীন সদস্য, খুলনার বিভাগীয় কমিশনার, খুলনা, বাগেরহাট ও যশোরের জেলা প্রশাসক, গণপূর্ত, ভূমি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন, পরিবেশ ও বন মন্ত্রণালয়, মংলা বন্দর কর্তৃপক্ষ, খুলনা মেট্রোপলিটন পুলিশ ও গণপূর্ত অধিদফতরের প্রতিনিধি নিয়ে গঠিত হবে।
বৈঠকের শুরুতে নায়ক রাজ রাজ্জাক, যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট খান টিপু সুলতান এবং সাবেক ফুটবল খেলোয়াড় এবং ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটের পিতা শামসুল আলম মোল্লার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম