Home / জাতীয় / সন্ধ্যায় নগরবাসীকে দরজা জানালা বন্ধ রাখার আহ্বান
5 25 5 2

সন্ধ্যায় নগরবাসীকে দরজা জানালা বন্ধ রাখার আহ্বান

সোমবার, ০৫ মে ২০২৫ মাসস

সন্ধ্যায় নগরবাসীকে দরজা জানালা বন্ধ রাখার আহ্বান ডিএসসিসি প্রশাসক

আসন্ন ডেঙ্গু মৌসুমে এডিস মশা প্রতিরোধে মাগরিবের আধাঘণ্টা আগে ও পরে বাসাবাড়ির দরজা জানালা বন্ধ রাখা এবং বাসাবাড়ির ভেতরে যেন পানি জমতে না পারে সে দিকে লক্ষ্য রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া।

সোমবার নগর ভবনস্থ বুড়িগঙ্গা হলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিচালনা কমিটির ষষ্ঠ কর্পোরেশন সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচালনা কমিটির ২৫ জন সদস্য সভায় অংশ নেন। সভার শুরুতে গত ২০ মার্চ অনুষ্ঠিত পঞ্চম কর্পোরেশন সভার কার্য বিবরণী দৃঢ়ীকরণ এবং বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পরবর্তীতে সভার আলোচ্য সূচি অনুযায়ী আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

ডিএসসিসির আওতাধীন ফুলবাড়িয়া স্টপওভার বাস টার্মিনাল ও ধোলাইখাল ট্রাক টার্মিনালের খাস আদায়ে কাঙ্ক্ষিত দর না পাওয়ার কারণে ‘সরকারি হাট বাজারসমূহের ব্যবস্থাপনা, ইজারা পদ্ধতি এবং প্রাপ্ত আয় বণ্টন সম্পর্কিত নীতিমালা-২০১১’ এর আলোকে ইজারার দর নতুনভাবে পুনঃমূল্যায়ন করার জন্য স্থানীয় সরকার বিভাগে প্রতিবেদন পাঠানোর অনুমতি দেওয়া হয়।

সভায় ডিএসসিসি প্রশাসকের ঐচ্ছিক তহবিল খাত থেকে আবেদনের প্রেক্ষিতে এককালীন আর্থিক অনুদান অনুমোদন দেওয়া হয়। এছাড়াও ব্যবসা শুরুর জন্য প্রয়োজনীয় ৫টি সেবা একক আবেদনে নিষ্পত্তির লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপনী বক্তব্যে পরিচালনা কমিটির সভাপতি ও ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া বলেন, কর্পোরেশন সভায় নাগরিকদের প্রাধান্য দিয়ে নাগরিকদের সেবা অব্যাহত রাখার প্রচেষ্টা চলমান থাকবে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সকল বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …