মাস্টারি বিডি । শেখ নজরুল
বিনোদন ডেস্ক । ০৪ সেপ্টেম্বর ২০১৮ । ২০ ভাদ্র ১৪২৫
উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিন-এর জন্মদিন ৪ সেপ্টেম্বর। ‘চিঠি দিও প্রতিদিন’, ‘ঝড়েরও পাখি হয়ে’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘অশ্রু দিয়ে লেখা এ গান’ ও ‘আমি রজনীগন্ধা ফুলের মতো গন্ধ বিলিয়ে যাই’ ‘জন্ম আমার ধন্য হলো’, ‘সে যে কেন এলো না’, ‘সেই রেললাইনের ধারে’, ‘সব ক’টা জানালা খুলে দাও না’ …এমন অসংস্য জনপ্রিয় গানের প্রিয়শিল্পী ১৯৫৪ সালের এই দিনে সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। পিতা লুৎফর রহমান ও মাতা বেগম মৌলুদা খাতুন-এর পাঁচ কন্যার মধ্যে চার জনই সুগায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন। তবে সাবিনা ইয়াসমিন সঙ্গীতের ভুবনে এক আলোকিত ইতিহাস। সাবিনা ইয়াসমিন, যিনি চার দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন। শুরুতেই বড় বোন ফরিদা ইয়াসমিনের হাতধরে দূর্গাপ্রসাদ রায়ের কাছে গানের তালিম নেন। মাত্র ৭ বছর বয়সে স্টেজে গান শুরু করেন সাবিনা ইয়াসমিন। ছোটদের সংগঠন খেলাঘরের সদস্য হিসেবে রেডিও টেলিভিশনে গান করেন নিয়মিত। পরবর্তীতে ওস্তাদ পি সি গোমেজের কাছে একটানা ১৩ বছর গানের তালিম নিয়েছেন।

প্রয়াত বরেণ্য সুরকার-সংগীত পরিচালক রবিন ঘোষের সংগীত পরিচালনায় এহতেশাম পরিচালিত ‘নতুন সুর’ সিনেমাতে ১৯৬২ সালে শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন সাবিনা ইয়াসমিন। ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা, মধুর জোছনা দীপালি গানের মাধ্যমে তিনি প্লেব্যাক গায়িকা হিসেবে তাঁর যাত্রা শুরু করেন।
সুকন্ঠি এই গায়িকা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞান-এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
১৯৭৫ সালে প্রমোদকার (খান আতাউর রহমানের ছদ্ম নাম) পরিচালিত ‘সুজন সখী’ সিনেমায় গান গাওয়ার জন্য প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এরপর বিভিন্ন সময়ে আমজাদ হোসেনের ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সুন্দরী’, ‘কসাই’, ‘দুই জীবন’, চাষী নজরুল ইসলামের ‘চন্দ্রনাথ’, মইনুল হোসেনের ‘প্রেমিক’, বুলবুল আহমেদের ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’, কাজী হায়াতের ‘দাঙ্গা’, মতিন রহমানের ‘রাধা কৃষ্ণ’, মোহাম্মদ হোসেনের ‘আজ গায়ে হলুদ’ ও চাষী নজরুল ইসলামের ‘দেবদাস’ চলচ্চিত্রে প্লে-ব্যাক করার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ১৯৭১ সালে নঈম গহরের লেখা ও আজাদ রহমানের সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া ‘জন্ম আমার ধন্য হলো মাগো’ গানটি মুক্তিযোদ্ধাদের অসীম প্রেরণা জুগিয়েছিল। বরেণ্য এই সংগীতশিল্পী ১৯৮৪ সালে একুশে পদক, ১৯৯৬ সালে স্বাধীনতা পুরস্কারসহ সর্বোচ্চ ১৩বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
জন্মদিনে HM Voice-এর পক্ষ থেকে প্রাণিত শুভেচ্ছা ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম