মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৩ ফেব্রুয়ারি ২০১৮ । ১১ ফাল্গুন ১৪২৪
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু শুদ্ধভাবে বাংলা ভাষা শেখা নিশ্চিত করার পরই বিদেশি ভাষাচর্চা করার ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, নিজের শেকড় সুদৃঢ় করতে সন্তানদের শুদ্ধভাবে বাংলাভাষা শেখাবার বিকল্প নেই।
তথ্যমন্ত্রী বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় টার্কিশ হোপ ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত ৭ম আন্তঃস্কুল বাংলা অলিম্পিয়াড ২০১৮-এর পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। খবর বাসস-এর।
টার্কিশ হোপ ইন্টারন্যাশনাল’র চেয়ারম্যান ইয়াসার সাভরানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুন উর রশিদ সম্মানিত অতিথি ছিলেন।
তথ্যমন্ত্রী বলেন, ‘শিক্ষা ও জ্ঞানার্জনের প্রয়োজনে আমরা বিদেশি ভাষা শিখবো, ভালোভাবেই শিখবো। সেই অর্জিত জ্ঞান বাংলায় প্রয়োগ করবো। তাহলেই সে জ্ঞান ও চেতনা আপামর মানুষের কাছে পৌঁছবে। আর বিতরণেই জ্ঞানের বৃদ্ধি ঘটে।’
গীতিকবি গুরুসদয় দত্তকে উদ্ধৃত করে মন্ত্রী বলেন, ‘কায়মনে বাঙ্গালী হ’, ষোলআনা বাঙ্গালী হ’, বিশ্ব-মানব হবি যদি, শাশ্বত বাঙ্গালী হ’।’
অধ্যাপক ড. হারুন উর রশিদ বলেন, ‘ইংরেজি মাধ্যমকে আন্তর্জাতিক অঙ্গনে বাঙালির আত্মপ্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে।’
এ অলিম্পিয়াডে ৬২টি ইংরেজি মাধ্যমের স্কুল থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়।
তথ্যমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম