মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৯ ডিসেম্বর ২০১৭ । ১৫ পৌষ ১৪২৪
শিশুদের কল্পনা জগতে নিয়ে যেতে এবং তাদের কল্পনা শক্তির বিস্তার ঘটাতে ফ্যান্টাসি বুক ‘দ্য মুন জাম্পিং’ বেশ সহায়ক একটি শিশুতোষ গল্পগ্রন্থ। কল্পনা ও বাস্তবের মিশেলে শিশুর মনোজগৎকে পরিপূর্ণ করতে এ গ্রন্থ সহায়ক ভূমিকা রাখতে পারে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে তরুণ লেখক সাবরিনা করিমের ইংরেজিতে লেখা প্রথম শিশুতোষ গল্পগ্রন্থ ‘দ্য মুন জাম্পিং’ এর প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তৃতায় প্রখ্যাত শিল্পী, চিত্রকর, ভাস্কর ও পাপেটিয়ার মুস্তাফা মনোয়ার এ কথা বলেন। খবর বাসস-এর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আশা ইসলামের সভাপতিত্বে বইটির প্রকাশনা উৎসবে আরো বক্তৃতা করেন লেখকের মা ফ্যাশন ডিজাইনার শিরীন করিম। অনুষ্ঠানে খ্যাতিমান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের বাণী পাঠ করে শোনান সভাপতি আশা ইসলাম।
মুস্তাফা মনোয়ার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্ধৃতি দিয়ে বলেন, শিশু শিক্ষার সর্বশ্রেষ্ঠ উপাদান হলো কল্পনা শক্তির বিস্তার। এ শক্তির বিস্তার যেখানে নেই, সেখানে শিশুদের শেখারও কিছু নেই বলে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন।
তিনি বলেন, মানুষ যদি সৃষ্টিশীল না হয়, তাহলে জীবনে সে কিছু করতে পারবে না। আর কাউকে সৃষ্টিশীল হতে হলে তাকে কল্পনাপ্রবণ হতে হবে। সে ক্ষেত্রে সাবরিনার এ গ্রন্থটি শিশুদের কল্পনা শক্তির বিস্তারে বেশ সহায়ক হবে।
লেখকের ’মা’ শিরীন করিম বলেন, প্রত্যেক ‘মা-বাবা’রই আকাঙ্খা থাকে তাদের সন্তান কিছু একটা হবে। আজ আমার সে আশা পূরণ হয়েছে। মেয়ের গ্রন্থের প্রকাশনা উৎসবে থাকতে পেরে আমি আনন্দিত ও গর্বিত।
অনুভূতি প্রকাশ করে লেখক সাবরিনা করিম বলেন, শিশু অধিকার নিয়ে কাজ করার প্রেক্ষিতে শিশুদের সাথে আমার মেলামেশার সুযোগ হয়েছে। এতে তাদের মনোজগৎ সম্পর্কেও জানার সুযোগ হয়েছে। তা থেকে অনুধাবন করতে পেরেছি, শৈশবে মনের কল্পনা বিকাশে যদি কোন শিশু বাধাগ্রস্থ হয়, তাহলে বড় হয়ে তার পরিপক্কতায় খামতি (কমতি) থেকে যায়।
তিনি বলেন, সে তাগিদ থেকেই শিশুদের জন্য এ ফ্যান্টাসি গ্রন্থটি লেখার অনুপ্রেরণা পেয়েছি।
‘দ্য মুন জাম্পিং’ বইটি চলতি বছরের ডিসেম্বরে সিঙ্গাপুর থেকে প্রকাশিত হয়েছে। বাংলাদেশে বইটির ডিস্ট্রিবিউটর হলো ‘বেঙ্গল বই’ ও ‘বেঙ্গল পাবলিকেশনস’। বইটি বেঙ্গল বই, জ্ঞানকোষ, বই বিচিত্রাসহ বেশ কয়েকটি বইয়ের দোকানে পাওয়া যাবে। অনলাইনে রকমারি.কম (www.rokomari.com) থেকে বইটি কেনা যাবে।
পেশাগত জীবনে সাবরিনা করিম শিশুদের জন্য সৃজনশীল লেখালেখি বিষয়ক একজন ফ্যাসিলিটেটর। তবে তিনি কর্মজীবন শুরু করেন মূলধারার সাংবাদিক হিসেবে। পরে উন্নয়ন কার্যক্রম, বিশেষত শিশু অধিকার নিয়ে কাজ শুরু করেন।
তার আরেকটি পরিচয় হলো তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব বিশিষ্ট সাংবাদিক ইহসানুল করিমের মেয়ে। তার বাবা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম