মাস্টারি বিডি ডটকম
জাতিসংঘ । ১৬ সেপ্টেম্বর ২০১৭ । ০১ আশ্বিন ১৪২৪
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিয়ানমারের রাখাইনে চলমান সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছে এবং সেখানে সহিংসতা ও হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধ করতে দেশটির কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছে।
এর আগে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠকে বসে। বৈঠকে নিন্দা জানানোর পাশাপাশি সেখানে সেনা অভিযান বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানানো হয়।
বৈঠক শেষে নিরাপত্তা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ইথিওপিয়ার রাষ্ট্রদূত তেকেদা আলেমু এ কথা জানান।
আলেমু বলেছেন, ‘নিরাপত্তা পরিষদের সদস্যরা রাখাইন রাজ্যের অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। যে সহিংসতার শিকার হয়ে প্রায় চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে সেটিরও নিন্দা জানিয়েছেন তারা।
সেনা অভিযানের সময় অতিমাত্রায় সহিংসতার ব্যাপারেও তারা উদ্বেগ জানিয়েছেন।
পাশাপাশি রাখাইনে সহিংসতা বন্ধ করা, পরিস্থিতি শান্ত করে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে স্বাভাবিক আর্থ-সামাজিক অবস্থা ফিরিয়ে আনতে এবং রোহিঙ্গা শরণার্থী সমস্যার সমাধান করতে অতি দ্রুত পদক্ষেপ নেয়ারও তাগিদ দিয়েছেন।’
গত নয় বছরের মধ্যে এই প্রথম মিয়ানমার নিয়ে বিবৃতি দিতে সম্মত হয়েছে নিরাপত্তা পরিষদ।
এর আগে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গাদের পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ ও ‘’অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন।
নিউইয়র্কে একটি সংবাদ সম্মেলনে গুতেরেস বলছেন, ‘মিয়ানমারে দশকের পর দশক ধরে যে নির্যাতন চলছে তা এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যে, মিয়ানমারের সীমানা ছাড়িয়ে তা আঞ্চলিক অস্থিরতার কারণ হয়ে উঠেছে। সেখানে মানবিক অবস্থাও ‘বিপর্যকর’।’
এরকম পরিস্থিতিতে মানবিক সহায়তা দেয়ার জন্য বিশ্বের সকল দেশকে আহ্বান জানিয়েছেন তিনি। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম