মাস্টারি বিডি । শিমুল আহসান
প্রতিবেদন । ১৩ মে ২০১৯ । ৩০ বৈশাখ ১৪২৬
ষাটের দশকের বিশিষ্ট কবি ও অনুবাদক হায়াৎ সাইফ চলে গেলেন। গত রাত সোয়া বারটার সময়ে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
কবিকে গত ২২ মার্চ এ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ভর্তির পর থেকেই তাকে হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী সংবাদমাধ্যমকে জানান, কবি হায়াৎ সাইফের মরদেহ বাংলা একাডেমিতে আনা হবে এবং কবির প্রতি শ্রদ্ধা জানানো হবে। কবির ছেলে ও মেয়ে বিদেশে রয়েছেন। তারা দেশে আসার পর একাডেমিতে কবির মরদেহ আনার সময় ঠিক করা হবে।

মৃত্যুকালে কবির বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
খ্যাতিমান কবি হায়াৎ সাইফ ১৯৪২ সালের ১৬ ডিসেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। স্কুল জীবন থেকেই লেখালেখি শুরু করেন। তার প্রথম কবিতা ১৯৬২ সালে ‘ত্রৈমাসিক সমকাল’এ প্রকাশ পায়। ইংরেজি সাহিত্যে এম.এ. পাস করার পর তিনি পাকিস্তান রেডিওতে সংবাদ পাঠ ও অনুষ্ঠান উপস্থাপনা করেন। তিনি পাকিস্তান টেলিভিশনের রাওয়ালপিন্ডি কেন্দ্রে অনুষ্ঠান উপস্থাপনায় কিছুদিন কাজ করেন। পরে সিভিল সার্ভিসে যোগ দেন। ১৯৯৯ সালে তিনি সরকারি চাকরি থেকে অবসরে যান।
কবির প্রকৃত নাম সাইফুল ইসলাম খান। হায়াত সাইফ হচ্ছে তার লেখক নাম। তার প্রকাশিত কবিতার বই আটটি ও কয়েকটি গদ্যগ্রন্থ এবং অনূদিত বই রয়েছে। বইগুলোর মধ্যে রয়েছে, রসুনবোনার ইতিকথা, সন্ত্রাসে সুবাস, ভয়েস অব হায়াৎ সাইফ, কবিতা ও অন্যান্য প্রসঙ্গ, উক্তি ও উপলব্ধি ।
সাহিত্যে বিশেষ অবদানের জন্য কবি হায়াত সাইফ একুশে পদক, কবি ফজল শাহাবুদ্দীন পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার লাভ করেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম